সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা প্রতারণা

টালিউড অভিনেতা ও পশ্চিমবাংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তরুণ দাস নামে এক প্রযোজক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণ

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২২ মে) তিনি সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, অগ্রিম টাকা নিয়েও যথাসময়ে ডেট দেননি অভিনেতা। এমনকি অগ্রিমের টাকাও ফেরত দেননি অভিনেতা।

অভিযোগ পত্রে বলা হয়েছে, একটি সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য ২০১৮ সালে অভিনেতা সোহমকে ১৫ লক্ষ টাকা দেন তরুণ। কিন্তু সেই সময় শুটিংয়ের জন্য ডেট দিচ্ছিলেন না অভিনেতা। দিনের পর দিন ডেট না পেয়ে সিনেমাটির নির্মাণ শুরু করা যায়নি। কয়েক বছরের মধ্যে করোনাকালে শুরু হয় লকডাউন। পরবর্তী সময়ে ওই প্রযোজকের আর্থিক সমস্যা দেখা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী ঘটনা

এদিকে ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হন সোহম। এরপর টাকা ফেরত চেয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন তরুণ। বিষয়টি মিটমাট করার জন্য কলকাতায় ডাকা হয় প্রযোজককে। কিন্তু টাকা ফেরত দেওয়া তো দূরের কথা উল্টো অপমান করে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

প্রযোজক তরুণ দাস বলেন, ‘একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে আমি তাকে অগ্রিম টাকা দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো ডেট দেননি। এখন আর্থিক সংকটের কারণে আমি টাকা ফেরত চাইলেও তিনি তা দিচ্ছেন না, উল্টো আমাকে হুমকি দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এতদিন তৃণমূল সরকার থাকায় অভিযোগ জানানোর সাহস হয়নি। সরকার বদলাতেই ন্যায় পাওয়ার আশায় থানার দ্বারস্থ হয়েছি। এজন্য থানায় অভিযোগ দায়ের করলাম।’ জানা গিয়েছে, তরুণ দাস বালুরঘাট মঙ্গলপুরের বাসিন্দা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ