যশের ‘টক্সিক’ সিনেমার মুক্তির তারিখ ২৬ আগস্ট ঘোষণা
যশের ‘টক্সিক’-এর মুক্তি ২৬ আগস্ট

অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো দক্ষিণ ভারতীয় তারকা যশের আলোচিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর। বিশ্বজুড়ে ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ আগস্ট। মজার বিষয় হলো, গত বুধবার মুক্তি পাচ্ছে ছবিটি। সাধারণত বড় বাজেটের ভারতীয় ছবি শুক্রবার মুক্তি পেলেও ‘টক্সিক’-এর ক্ষেত্রে ভিন্ন কৌশল নিয়েছেন নির্মাতারা। কারণ, মুক্তির সময়টিকে ঘিরে রয়েছে একাধিক উৎসব ও ছুটির আবহ—বরমহালক্ষ্মী পূজা, ওনাম ও রাখি বন্ধন। ফলে ছবিটি টানা কয়েক দিনের বাড়তি ছুটির সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

যশের দ্বৈত রূপ

মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন পোস্টারও। সেখানে যশকে দেখা গেছে দুটি ভিন্ন রূপে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘রায়া’ ও ‘টিকিট’। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

শুধু গ্যাংস্টার গল্প নয়

এর আগে এক সাক্ষাৎকারে যশ জানিয়েছিলেন, ছবিটিকে বাইরে থেকে গ্যাংস্টার ঘরানার বাণিজ্যিক সিনেমা মনে হলেও এর ভেতরে রয়েছে অনেক গভীরতা। তাঁর ভাষায়, ‘দেখতে এটি হয়তো একটি গ্যাংস্টার ছবি মনে হবে। কিন্তু এর মধ্যে নৈতিক দ্বন্দ্ব, মানবমনের অন্ধকার দিক, আবেগের জটিলতা—এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো একজন শিল্পী হিসেবে আমি বড় পর্দায় অনুসন্ধান করতে চাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রকল্প

‘টক্সিক’–কে ইতিমধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ছবিটি একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে। পরে এটি ছয়টি ভারতীয় ভাষার পাশাপাশি ইংরেজিতেও মুক্তি পাবে। এর মাধ্যমে শুধু ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও বড় পরিসরে দর্শক টানার লক্ষ্য নিয়েছেন নির্মাতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারকাবহুল ছবি

ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। এটি তাঁর সঙ্গে যশের প্রথম কাজ। যশের পাশাপাশি ছবিতে রয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা, বলিউড তারকা কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্ষ্মিনী বসন্ত ও তারা সুতারিয়া। ‘কেজিএফ’-এর পর যশের সবচেয়ে বড় বাজির ছবি হিসেবে বিবেচিত হচ্ছে ‘টক্সিক’। তাই মুক্তির দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও বাড়ছে।

বারবার মুক্তির তারিখ পেছানো

‘টক্সিক’ মুক্তির আগেই একাধিকবার পিছিয়েছে। ফলে ছবিটি নিয়ে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি দেরির কারণ নিয়েও আলোচনা কম হয়নি। প্রথমে ছবিটি ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তির কথা ছিল। কিন্তু শুটিং ও প্রযোজনার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। পরে মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয় ২০২৬ সালের ১৯ মার্চ। মার্চে মুক্তির কথা থাকলেও ২০২৬ সালের শুরুতে ছবিটি আবার পিছিয়ে ৪ জুন নেওয়া হয়। এ সময় নির্মাতারা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক মুক্তি পরিকল্পনায় প্রভাব পড়ার কথা উল্লেখ করেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, একটি অভ্যন্তরীণ প্রদর্শনের পর ছবির ভিএফএক্স ও অডিও মান নিয়ে অসন্তুষ্ট ছিলেন যশ। ফলে পোস্ট-প্রোডাকশনের কিছু কাজ আবার করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও নির্মাতারা প্রকাশ্যে এটিকে মূল কারণ হিসেবে স্বীকার করেননি।

টিজার নিয়ে বিতর্ক

‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর টিজার ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক। ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে এবার বিষয়টি গড়ায় ভারতের কর্নাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত। টিজারের শুরুতেই দেখা যায়, একটি গাড়ির ভেতরে একজন নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন যশ। এর পরপরই একাধিক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখানো হয়। এই টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। গতকাল সোমবার ভারতের আম আদমি পার্টি (আপ) কর্নাটক রাজ্য নারী কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে টিজারের কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানায়।