টম হল্যান্ড-জেনডায়ার বিয়ে রহস্য উন্মোচন হয়নি মাদ্রিদের ফটোকলে
টম-জেনডায়ার বিয়ে রহস্য উন্মোচন হয়নি মাদ্রিদে

মাদ্রিদে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ফটোকলে গত সোমবার একসঙ্গে পোজ দেন জেনডায়া ও টম হল্যান্ড। এই জুটি যে প্রেম করছেন, তা সবার জানা। কিন্তু তাদের বিয়ে নিয়ে রহস্য এখনও অমীমাংসিত। কয়েক মাস আগে জেনডায়ার স্টাইলিস্ট দাবি করেছিলেন, তারা বিয়ে করেছেন। ফলে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। তবে টম ও জেনডায়া নিজেরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

ফটোকলে উপস্থিতি

প্রায় পাঁচ বছর পর বড় জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হলেন তারা। ক্যামেরার সামনে দুজনকে স্বাভাবিক ও স্বচ্ছন্দ দেখাচ্ছিল। টমের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেন জেনডায়া, আর টমের শরীরী ভাষায় ছিল ঘনিষ্ঠতার ছাপ। তবে এবারও বিয়ে নিয়ে কিছু বলেননি তারা।

পোশাকের বিবরণ

অনুষ্ঠানে দুজনই কালো পোশাক বেছে নেন। টম পরেছিলেন কালো স্যুট, সঙ্গে লাল রঙের সূক্ষ্ম নকশা। অন্যদিকে জেনডায়া নজর কাড়েন কালো স্ট্র্যাপলেস ফ্রিঞ্জড গাউনে। তাঁর দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ জানান, পোশাকটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান কাউয়ান। সঙ্গে ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়নার সমন্বয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন সিনেমা

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের ছবিটি মুক্তি পাবে আগামী ৩১ জুলাই। এটি টম হল্যান্ডের চতুর্থ ‘স্পাইডার-ম্যান’। এর আগে ‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’-এ তাঁকে দেখা গেছে।

‘নো ওয়ে হোম’–এর ঘটনাপ্রবাহের পর থেকে শুরু হবে নতুন ছবির গল্প। পৃথিবীর কারও আর পিটার পার্কারের কথা নেই। ফলে তিনি আবার অপরাধ দমনে নেমে পড়েন। কিন্তু পুরোনো বন্ধুদের তাঁকে ভুলে নিজেদের জীবন নিয়ে এগিয়ে যেতে দেখে ভেতরে–ভেতরে বদলে যেতে শুরু করেন পিটার। সেই পরিবর্তন তাঁকে এক অদৃশ্য ও ভয়ংকর শত্রুর মুখোমুখি দাঁড় করাবে, যার অস্তিত্ব সাধারণ মানুষ দেখতে পাবে না।

ছবিতে টম ও জেনডায়ার পাশাপাশি অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, মার্ক রাফালো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিয়ে রহস্য

‘স্পাইডার-ম্যান’-এ একসঙ্গে কাজ করতে গিয়ে টম ও জেনডায়ার বন্ধুত্ব হয়। বহু বছর সম্পর্কের গুঞ্জন অস্বীকার করার পর ২০২১ সালে তাঁদের প্রেম প্রকাশ্যে আসে। ২০২৫ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জেনডায়ার হাতে বড় হীরার আংটি দেখে বাগ্দানের খবর নিশ্চিত হয়। তবে চলতি বছর নতুন করে শুরু হয় বিয়ের গুঞ্জন। জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘বিয়ে তো হয়েই গেছে, আপনারা মিস করেছেন।’ পরে আবার সেই বক্তব্যকে ‘সত্যি’ বলেও মন্তব্য করেন তিনি।

তবে জেনডায়া নিজে বিষয়টি নিয়ে কখনো স্পষ্ট কিছু বলেননি। বরং এক টেলিভিশন অনুষ্ঠানে হেসে জানান, বিয়ে হয়ে গেছে—এমন খবর তিনি নিজেও পড়েননি। একই সঙ্গে তিনি বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তাঁদের কথিত বিয়ের অনেক ছবি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তাই বিয়ে–রহস্য এখনো অমীমাংসিতই রইল।