২০০৯ সালে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে রাজকুমার হিরানি নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তিন বন্ধু র্যাঞ্চো-ফারহান-রাজুর গল্প দর্শকদের মনে দাগ কাটে। প্রায় দেড় যুগ পর সিকুয়েলের কাজ এগিয়ে চলেছে। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হিরানি জানান, সিকুয়েলের গল্পে চরিত্রদের বয়স বাস্তব জীবনের মতোই এগিয়ে যাবে। কলেজজীবনের সেই তরুণ ছাত্ররা এখন আর তরুণ নেই; তারা জীবনের এক অন্য কঠিন বাস্তবতার মুখোমুখি।
মিড-লাইফ ক্রাইসিসে তিন বন্ধু
পরিচালক বলেন, ‘আমরা “থ্রি ইডিয়টস”–এর সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। এবার গল্পে র্যাঞ্চো-ফারহান-রাজুকে এক চরম মাঝবয়সের সংকট বা “মিড-লাইফ ক্রাইসিস”–এর মধ্য দিয়ে যেতে দেখা যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারের যে নতুন চাপ তৈরি হয়, সেটাই হবে এই গল্পের মূল কেন্দ্রবিন্দু।’
গুণগত মানের সঙ্গে আপস নয়
বলিউডে সফল ছবির সিকুয়েল বানানোর ট্রেন্ড থাকলেও হিরানি স্পষ্ট করে দিয়েছেন, তিনি মানের সঙ্গে কোনো আপস করবেন না। চিত্রনাট্য প্রথম ভাগের মতো নিখুঁত ও শক্তিশালী না হলে শুটিং ফ্লোরে নামবেন না। তিনি বলেন, ‘এ সিনেমা মানুষের আবেগের সঙ্গে জড়িত। তাই কেবল ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করে সস্তা উপায়ে টাকা কামানোর জন্য দ্বিতীয় ভাগ আনতে চাই না। একটি যথাযথ ও অর্থপূর্ণ চিত্রনাট্য তৈরি হলেই আবার ক্যামেরা চালু করব।’
গল্প শুরু হবে ১০ বছর পর
গত এপ্রিলে আমির খান জানান, সিকুয়েলের গল্প শুরু হবে প্রথম ভাগের ঠিক ১০ বছর পর। কলেজজীবন পার করে চরিত্ররা যখন বাস্তব দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে, ঠিক সেই সময়কার প্রেক্ষাপটেই বোনা হয়েছে নতুন গল্প। আমির বলেন, ‘রাজু (রাজকুমার হিরানি) এই মুহূর্তে “থ্রি ইডিয়টস ২”–এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আমি ইতিমধ্যে গল্পটা শুনেছি এবং এটা এককথায় অসাধারণ। ছবিটির গল্পে এর চরিত্রদেরই অনুসরণ করা হবে, তবে গল্পটা এগিয়ে যাবে ঠিক ১০ বছর পর থেকে।’
কিছুদিন আগে আমির খান, আর মাধবন ও শারমান জোশীকে একসঙ্গে একটি বিজ্ঞাপনের প্রমোশনে দেখা গিয়েছিল, যেখানে তাঁরা ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে প্রেস কনফারেন্সের অভিনয় করেছিলেন। সেই ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। হিরানির এই নতুন মন্তব্যের পর অনুরাগীদের সেই জল্পনা এখন সত্যি প্রমাণিত হলো।



