প্রায় এক দশক পর আবারও ফিরছে বিগ বস বাংলা। ২০১৬ সালে কালারস বাংলায় শেষবার সম্প্রচারিত হয়েছিল এই রিয়ালিটি শোটির দ্বিতীয় সিজন। এবার নতুন মৌসুমের সঞ্চালনার দায়িত্বে থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি স্টার জলসা সামাজিক মাধ্যমে বিগ বস বাংলার দ্বিতীয় প্রমো প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে বাংলার দাদা রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছেন।
দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন
২০১৩ সালে বিগ বস বাংলার প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় সিজনে (২০১৬) সঞ্চালকের ভূমিকায় ছিলেন টালিউড সুপারস্টার জিৎ। কিন্তু এরপর প্রায় ১০ বছর ধরে শোটি বন্ধ ছিল। হিন্দি বিগ বসের বিপুল জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে বাংলা সংস্করণটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
সঞ্চালক হিসেবে সৌরভ গাঙ্গুলি
বিগ বস বাংলার সঞ্চালক কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সৌরভ গাঙ্গুলির নাম ঘোষণা করা হয়। স্টার জলসার প্রথম প্রমোতে ক্যাপশন ছিল— ‘ভারতবর্ষের সব থেকে বড় বিনোদন এবার বাংলায়।’ দ্বিতীয় প্রমোতে দেখা যায়, ঘুটঘুটে অন্ধকারে রাজকীয় কায়দায় হেঁটে আসছেন সৌরভ। ক্যাপশনে লেখা— ‘বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির হাত ধরে আসছে বাংলার বিনোদনের বস— বিগ বস বাংলা।’
বদলে যাচ্ছে রিয়ালিটি শো
চলতি বছর বাংলা রিয়ালিটি শোগুলোতে বড় রদবদল চলছে। ‘দাদাগিরি’, ‘রান্নাঘর’, ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালক পরিবর্তন হয়েছে। ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক দেব, আর বিগ বস বাংলার দায়িত্ব নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ এর আগে ‘দাদাগিরি’ সঞ্চালনা করেছিলেন, এবার তিনি বিগ বসের মঞ্চে নতুন রূপে হাজির হবেন।
স্টার জলসা জানিয়েছে, শিগগিরই শোটি সম্প্রচার শুরু হবে। সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে বিগ বস বাংলা দর্শকদের জন্য নতুন মাত্রা আনবে বলে আশা করা হচ্ছে।



