বিশ্বব্যাপী ৪০০ কোটির বেশি আয় করে বছরের অন্যতম সফল ভারতীয় চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে ‘পেড্ডি’। সম্প্রতি ছবিটি মুক্তি উপলক্ষে মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সহশিল্পী জাহ্নবী কাপুর, স্পোর্টস ড্রামা ঘরানার জনপ্রিয়তা এবং পরিচালক বুচি বাবু সানাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন রামচরণ।
স্পোর্টস ড্রামার পথিকৃৎদের প্রতি কৃতজ্ঞতা
ভারতীয় সিনেমায় স্পোর্টস ড্রামা ঘরানার জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে রামচরণ বলেন, ‘সবার আগে সালমান স্যার এবং আমির স্যারকে ধন্যবাদ জানাই। সুলতান ও দঙ্গল–এর মতো ছবির মাধ্যমে আপনারাই আমাদের জন্য এ ধরনের চলচ্চিত্রের পথ খুলে দিয়েছেন। আপনাদের সাফল্যই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা বিশ্বাস করেছি, এ ধরনের গল্পও দর্শকের হৃদয় ছুঁতে পারে।’
জাহ্নবী কাপুরের প্রশংসায় রামচরণ
সহশিল্পী জাহ্নবী কাপুরের প্রশংসাও করেছেন তিনি। ছবির জন্য যেভাবে নিঃশব্দে নিজেকে প্রস্তুত করেছেন জাহ্নবী, তা তাঁকে মুগ্ধ করেছে। জাহ্নবীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রামচরণ বলেন, ‘টানা প্রায় ৮৫ দিন আমরা শুটিং করেছি। পরে একটি গানের শুটিং হয়েছিল। আমি খুব বেশি প্রস্তুতির সময় পাইনি। কিন্তু জাহ্নবী এসে আমার চেয়ে শতগুণ ভালো করে দেখিয়েছে।’ জাহ্নবীকে ‘ছুপা রুস্তম’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ও কাউকে কিছু না জানিয়ে চুপচাপ শিখেছে, অনুশীলন করেছে। সত্যি বলতে, আমার জীবনে এত পরিশ্রমী মানুষ খুব কম দেখেছি।’
পরিচালকের নিষ্ঠা ও ছবির গল্প
ছবির নির্মাণপ্রক্রিয়া প্রসঙ্গে রামচরণ বলেন, পরিচালক বুচি বাবু সানা দীর্ঘ সময় ধরে অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজটি করেছেন। রামচরণের স্মৃতিচারণা, ‘একদিন আমার বাড়ির কার্পেটে বসে তিনি পুরো চিত্রনাট্য পড়ে শোনাচ্ছিলেন। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে আমি শুধু শুনেছি। তখনই বুঝেছিলাম, কাজটা শারীরিকভাবে খুব কঠিন হবে। কিন্তু তাঁর বিশ্বাস আর গল্পের শক্তি আমাকে রাজি করিয়ে দিয়েছিল।’
ছবির গল্প সম্পর্কে রামচরণ বলেন, ‘এটি এমন একজন মানুষের গল্প, যে নিজের পরিচয় খুঁজছে। আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য একটি পরিচয়ের প্রয়োজন হয়। পেড্ডি মূলত সেই আত্মান্বেষণের গল্প।’
ব্যক্তিগত স্মৃতি ও আবেগ
অনুষ্ঠানে ব্যক্তিগত একটি স্মৃতিও ভাগ করে নেন অভিনেতা। রামচরণ বলেন, তাঁর বাবা এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী একসময় একসঙ্গে কাজ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। একই সঙ্গে দর্শকদের আশ্বস্ত করে বলেন, পর্দায় তাঁর ও জাহ্নবীর নতুন জুটি কাউকে হতাশ করবে না।
জাহ্নবীর ভূমিকা ও পরিচালকের প্রতিক্রিয়া
অন্যদিকে জাহ্নবী কাপুর বলেন, দুই বছর ধরে তাঁরা ছবিটি নিয়ে কাজ করেছেন। এ সময় পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘বাইরে থেকে তাঁকে খুব নিরীহ মনে হয়, কিন্তু তিনি মোটেও তেমন নন। তিনি ভারতের সবচেয়ে “রাউডি” পরিচালক। তিনি আমাকে অনেকভাবে বদলে দিয়েছেন। এখন দিনে অন্তত একবার তাঁকে ফোন না করলে আমার চলে না।’
জাহ্নবীর নিষ্ঠার প্রশংসা করেছেন পরিচালক বুচি বাবু সানাও। তাঁর ভাষায়, ‘এই ছবির জন্য জাহ্নবী যেন একাই সহকারী পরিচালক, ম্যানেজার, অভিনেত্রী, প্রোডাকশন ডিজাইনার ও কস্টিউম ডিজাইনারের দায়িত্ব পালন করেছে। ওর পরিশ্রম সত্যিই অসাধারণ।’
ছবির অভিনয়শিল্পী ও মুক্তি
বুচি বাবু সানা পরিচালিত পেড্ডিতে ভয়ংকর প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন বোমান ইরানি ও রজতাভ দত্ত। হিন্দি–তেলুগুসহ একাধিক ভাষায় ৪ জুন ছবিটি মুক্তি পেয়েছে।



