গত সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে আলোড়ন ফেলেছেন অভিনেতা রাঘব জুয়াল ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী নীহারিকা। ছবিতে দেখা যায়, লাল সোয়েটশার্ট পরা নীহারিকাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন রাঘব; দুজনেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। পোস্টের ক্যাপশনে ছিল শুধু একটি লাল হৃদয় ও একটি তারার ইমোজি।
নেটিজেনদের কৌতূহল ও প্রতিক্রিয়া
এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, দুজন হয়তো নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন। আবার অনেকে ধারণা করছেন, এটি তাঁদের আসন্ন চলচ্চিত্রের প্রচারণার কৌশল। সহশিল্পীদের মধ্যে রাফতার ও শেহনাজ গিলের মতো তারকারা মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘শুভকামনা’। ভক্তদের মন্তব্যেও উৎসাহ দেখা গেছে; কেউ লিখেছেন, ‘তোমাদের একসঙ্গে দারুণ লাগছে’, আবার কেউ বলেছেন, ‘আশা করি, এটা শুধু সিনেমার প্রচারণা নয়’।
প্রেম নাকি সিনেমার প্রচারণা?
রাঘব ও নীহারিকাকে খুব শিগগির দেখা যাবে ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিতে, যা পরিচালনা করছেন বিবেক বি আগারওয়াল। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, নিকি ওয়ালিয়া, বিবান ভাটেনা ও বরকা সিং। অনেকের ধারণা, ছবির প্রচারণা শুরুর আগে দর্শকদের আগ্রহ তৈরি করতেই এমন পোস্ট দেওয়া হয়েছে। তবে রাঘব বা নীহারিকা—কেউই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে ছবিগুলো ব্যক্তিগত নাকি প্রচারণার অংশ, তা এখনো স্পষ্ট নয়।
আগেও ছিল গুঞ্জন
এখনই প্রথম নয়, এর আগে রাঘব জুয়ালের সঙ্গে অভিনেত্রী শেহনাজ গিলের সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠেছিল। তবে সেই সময়ও দুজনের কেউই বিষয়টি নিশ্চিত করেননি।
দুজনের বর্তমান ব্যস্ততা
নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয়ে সফলভাবে প্রতিষ্ঠা পেয়েছেন রাঘব জুয়াল। বিশেষ করে ‘কিল’ ছবিতে খলচরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। পরে আরিয়ান খানের ‘দ্য ব্যালাড অব বলিউড’ সিরিজে অভিনয় করেছেন। সামনে তাঁকে দেখা যাবে দক্ষিণি তারকা নানির সঙ্গে ‘দ্য প্যারাডাইজ’ সিনেমায়। অন্যদিকে নীহারিকা ভারতের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের একজন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর হাস্যরসাত্মক ভিডিও ব্যাপক জনপ্রিয়। গত বছর ‘পেরুসু’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর।



