নেটফ্লিক্সের শীর্ষে জেনিফার লোপেজের ‘অফিস রোমান্স’, ভিউ ২ কোটি ৪৬ লাখ
নেটফ্লিক্সে শীর্ষে ‘অফিস রোমান্স’, ভিউ ২ কোটি ৪৬ লাখ

নেটফ্লিক্সের বৈশ্বিক টপ চার্টে বরাবরই থ্রিলার সিনেমা বা সিরিজের দাপট দেখা যায়। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ৫ জুন মুক্তির পর থেকেই টপ চার্টের শীর্ষে রয়েছে রোমান্টিক–কমেডি সিনেমা ‘অফিস রোমান্স’। অল পার্কার পরিচালিত সিনেমাটির মোট ভিউ ২ কোটি ৪৬ লাখ। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন।

সিনেমার গল্প ও চরিত্র

ছবিতে এয়ার ক্রুজ নামের একটি শক্তিশালী এয়ারলাইনস কোম্পানির প্রধান নির্বাহী জ্যাকি ক্রুজের চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লোপেজ। জ্যাকি কঠোর নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনা করেন। কর্মীদের মধ্যে প্রেম বা ব্যক্তিগত সম্পর্কের বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থান। কিন্তু সেই নিয়মই চ্যালেঞ্জের মুখে পড়ে যখন কোম্পানিতে যোগ দেন নতুন আইন উপদেষ্টা ড্যানিয়েল ব্ল্যাঞ্চফ্লাওয়ার। চরিত্রটিতে অভিনয় করেছেন ব্রেট গোল্ডস্টেইন। দুজনের মধ্যে ধীরে ধীরে তৈরি হয় আকর্ষণ, আর সেখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব।

প্রথম সপ্তাহেই ভিউ দুই কোটি ছাড়িয়েছে

নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটির ভিউ দুই কোটি ছাড়িয়েছে। বিশ্বের বহু দেশে এটি এক নম্বর অবস্থানে আছে। দর্শকদের একটি বড় অংশ জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইনের রসায়নকে জনপ্রিয়তার প্রধান কারণ হিসেবে দেখছেন। রোমান্টিক–কমেডি ঘরানার সিনেমা গত কয়েক বছরে কিছুটা মন্দার মধ্য দিয়ে গেলেও ‘অফিস রোমান্স’ সেই পুরোনো আবহ ফিরিয়ে এনেছে বলে অনেকে মনে করছেন। ছবির গল্প খুব জটিল নয়। শেষ পর্যন্ত কী ঘটবে, সেটিও অনেকটাই অনুমেয়। তবু সিনেমাটি উপভোগ্য হয়ে ওঠে মূলত জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইনের রসায়নে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুঞ্জন ও বাস্তবতা

ছবিটি মুক্তির পর জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। কারণ, পর্দায় তাঁদের রসায়ন অনেক দর্শকের কাছে বাস্তব মনে হয়েছে। তবে দুই তারকাই স্পষ্ট করেছেন যে তাঁরা কেবল সহশিল্পী। জেনিফার লোপেজ এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। এই গুঞ্জনও সিনেমাটির জনপ্রিয়তার পালে হাওয়া দেয়।

আইএমডিবি ও ডেডলাইনের তথ্য অনুযায়ী, ‘অফিস রোমান্স’ বর্তমানে নেটফ্লিক্সের বৈশ্বিক টপ চার্টে শীর্ষস্থান ধরে রেখেছে।