দুই দশকের বেশি সময় ধরে সঞ্জয় মুন্না ও আরশাদ ওয়ার্সির সার্কিট হিন্দি সিনেমাপ্রেমীদের অন্যতম প্রিয় জুটি। ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ মুক্তির পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন—‘মুন্নাভাই ৩’ কবে আসবে? বহু বছর ধরে নানা গুঞ্জন শোনা গেলেও ছবিটি আর এগোয়নি। এবার এ নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাজকুমার হিরানি ও অভিনেতা আরশাদ ওয়ার্সি। তাঁদের দাবি, ‘মুন্নাভাই ৩’ বন্ধ হয়ে যায়নি; বরং ছবিটির তিনটি আলাদা চিত্রনাট্য ইতিমধ্যেই লেখা হয়েছে।
শেষটা ঠিক না হওয়ায় আটকা
‘ইন্টারভ্যাল পর্যন্ত চাইলে এখনই পাঁচটা ছবি বানাতে পারি’—হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি বলেন, নতুন গল্পের অভাব তাঁর নেই। সমস্যা হচ্ছে, গল্পের শেষটা প্রত্যাশামতো দাঁড় করানো। রাজকুমারের ভাষায়, ‘আপনারা যদি শুধু ইন্টারভ্যাল (সিনেমার মাঝখানের বিরতি) পর্যন্ত মুন্নাভাই দেখতে চান, তাহলে আমি এখনই পাঁচটি ছবি বানিয়ে ফেলতে পারি। কারণ, ইন্টারভ্যালের পরের গল্পটাই আমার কাছে নেই।’
হিরানি বলেন, কেবল ব্যবসায়িক সাফল্যের কথা ভেবে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি বানাতে চান না তিনি। রাজকুমার আরও বলেন, ‘সত্যিই আমি “মুন্নাভাই ৩” বানাতে চাই। অন্য কেউ হলে হয়তো বলত, যেকোনো একটা স্ক্রিপ্ট লিখে ফেলো, বিশাল ওপেনিং হবে, অনেক টাকা আসবে। কিন্তু আমি সেটা চাই না। আমরা দুটি অসাধারণ ছবি বানিয়েছি। শুধু টাকার কথা ভাবলে এত দিনে চার–পাঁচটি সিক্যুয়েল বানিয়ে ফেলতাম। নতুন ছবিটিকেও অন্তত আগের দুটির মান স্পর্শ করতে হবে। আর সেখানেই আমি আটকে যাই।’
তিনটি দুর্দান্ত চিত্রনাট্য, তবু অসম্পূর্ণ
অনেকের ধারণা ছিল, ‘মুন্নাভাই ৩’–এর কোনো চিত্রনাট্যই নেই। সেই ধারণা উড়িয়ে দিয়েছেন আরশাদ ওয়ার্সি। আরশাদ ওয়ার্সি বলেন, ‘আসলে তিনটি প্রায় সম্পূর্ণ চিত্রনাট্য রয়েছে। আর সত্যি বলছি, এগুলোর প্রতিটিই আমি জীবনে শোনা অধিকাংশ স্ক্রিপ্টের চেয়ে ভালো। প্রতিটি গল্পেই এমন কিছু মুহূর্ত ও দৃশ্য আছে, যা সঙ্গে সঙ্গে মন কেড়ে নেয়।’
তবে আরশাদ ওয়ার্সির মতে, প্রতিটি গল্পেই একটি ছোট, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের অভাব রয়েছে। আরশাদ ওয়ার্সি আরও বলেন, ‘একটা ছোট্ট সংযোগ দরকার, যেন জিগস পাজলের শেষ টুকরাটি জায়গামতো বসে যায়। সেটা হলেই আমরা কাজ শুরু করতে পারব। কোথাও শেষটা ঠিক মিলছে না, কোথাও আবার গল্পটা স্বাভাবিকভাবে এগোচ্ছে না। তবে শেষ পর্যন্ত রাজু (রাজকুমার হিরানি) নিশ্চয়ই সমাধান বের করবেন।’
‘গান্ধীগিরি’ যে এত বড় ঘটনা হয়ে উঠবে, ভাবিনি
সাক্ষাৎকারে মুন্নাভাই সিরিজের জনপ্রিয় সংলাপ ও শব্দ নিয়েও কথা বলেন রাজকুমার হিরানি। তিনি জানান, ‘জাদু কি ঝাপ্পি’ বা ‘গান্ধীগিরি’ যে পপ কালচারের এত বড় সাংস্কৃতিক ঘটনা হয়ে উঠবে, তা আগে থেকে তাঁরা কল্পনাও করেননি। হিরানি বলেন, ‘আপনি বসে বসে এটা ভেবে লেখেন না যে এই সংলাপ মানুষের মুখে মুখে ফিরবে। সেভাবে লিখতে গেলে বিষয়টা কৃত্রিম হয়ে যায়।’
নিজের অভিনয়ই ভুলে গিয়েছিলেন আরশাদ
সাক্ষাৎকারের সবচেয়ে মজার অংশ ছিল আরশাদ ওয়ার্সির একটি স্বীকারোক্তি। তিনি বলেন, ‘শুটিং শেষ হওয়ার পর আমি নিজের অভিনয় প্রায় সঙ্গে সঙ্গেই ভুলে যাই। “মুন্নাভাই ২” করার সময় তো মনে ছিলই না, প্রথম ছবিতে সার্কিট হিসেবে কীভাবে অভিনয় করেছিলাম! তখন রাজু আমাকে প্রথম ছবির ভিডিও দেখিয়ে বলেছিল, “দেখো, তুমি এভাবেই অভিনয় করেছিলে।” এরপর আমাকে নিজের অভিনয়ই নকল করতে হয়েছে।’
আশা ছাড়ছেন না নির্মাতারা
হিরানি জানান, ‘মুন্নাভাই ৩’ নিয়ে এখনো নিয়মিত আলোচনা চলছে। তিনি, চিত্রনাট্যকার অভিজাত যোশী, সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি মিলে বিভিন্ন গল্প ও ধারণা নিয়ে কাজ করছেন। এখন শুধু সেই ‘শেষ টুকরা’টিই খুঁজে পাওয়ার অপেক্ষা। সবশেষে আশার কথাই শোনালেন রাজকুমার হিরানি। তিনি বলেন, ‘কোনো না কোনো সময়ে “মুন্নাভাই ৩” অবশ্যই হবে।’



