২১ জুন রোববার দ্য গোটের জন্মদিন। লিওনেল মেসি। রস+আলোর প্রচ্ছদে এসেছেন তিনি। হ্যাপি বার্থডে দ্য গোট। খবর চলে গেল আর্জেন্টিনায়। হর্ষধ্বনিতে মেতে উঠল সারা পৃথিবীর মেসি-ভক্তরা। টাইম ম্যাগাজিনের ১ নম্বর খেলোয়াড় হওয়ার সময়ও মেসি নাকি এত খুশি হননি।
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের উপস্থিতি
রস+আলো কার্যালয়ে এলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এলেন সংস্কৃতি দূত ড্যান লান্দে। এসেছেন মার্তিনাসহ আরও বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটররা। তাঁরা বললেন, কই, দিন রস+আলো, আমরা ছবি তুলব। তাঁদের হাতে রস+আলো দেওয়া হলো। মেসির পরনে লুঙ্গি দেখে তাঁরা খুব খুশি।
লুঙ্গির বহুবিধ ব্যবহার
রস+আলো বোঝাল, লুঙ্গির ব্যবহার বহুবিধ, এটা পরে লুঙ্গি ডান্স দেওয়া যায়, কাবাডি খেলা যায়, ফুটবলও খেলা যায় মালকেঁচা মেরে, আর সহজেই নদী পার হওয়া যায়। সংস্কৃতি দূত লান্দেকে জিজ্ঞেস করা হলো, তুমি নাকি মেসির বাল্যবন্ধু। ভাষার প্রতিকূলতা পেরিয়ে যা বোঝা গেল, মেসি সর্বশেষ ভিডিও ইন্টারভিউ আর কাউকে দেননি, দিয়েছেন লান্দেকে।
মেসির জন্মদিন উৎসব
২৪ জুন সেটা উদযাপিত হলো রস+আলো কার্যালয়ে, মহাসমাবেশে। লুঙ্গি-জার্সি উৎসবের মধ্য দিয়ে। আমানত শাহ আর্জেন্টিনার জার্সি মার্কা লুঙ্গি পরে হেক্সা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কবির বকুল লুঙ্গি এক হাতে টেনে ধরে গান আরম্ভ করলেন, ‘টিনা টিনা মিনা মিনা আর্জেন্টিনা, হ্যাপি বার্থডে মেসি, পাগল হয়ে গেছি...’।
অমনি এক পাগলি ভক্ত পেছনের এলইডি পর্দায় রস+আলোর প্রচ্ছদের মেসিকে কেক খাওয়াতে গিয়ে টিভির পর্দা প্রায় নষ্ট করে ফেলল। কেক কাটা, ফটোসেশন আর মিষ্টি ভক্ষণের মধ্য দিয়ে চলল মেসির জন্মদিন উৎসব। রেশ যেন শেষ হয় না।
জুম মিটিংয়ের চেষ্টা ব্যর্থ
মেসির সঙ্গে জুম মিটিংয়ের চেষ্টা সফল হলো না। কারণ, তখন আমেরিকায় ভোর ৪টা। ওই সময় মেসিকে ঘুম থেকে ডাকতে কেউ নাকি সাহস পাবেন না। তবে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশের সব মানুষকেই কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভূতপূর্ব ভালোবাসার জন্য।
রস+আলোর বক্তব্য
রস+আলো বলল, এ আর এমন কী! খালি চ্যাম্পিয়ন হইয়া লন, দেখায়া দিমু ভালোবাসা কারে কয়। (সিরিয়াস নোট: রস+আলোর মেসি জন্মদিন উদযাপনের খবর আর্জেন্টিনার পত্রপত্রিকায় শিগগিরই ছাপা হবে)



