নারী এমপি কোটা ও হুন্ডি: জয় চৌধুরীর অডিও ফাঁস, নতুন বিতর্ক
নারী এমপি কোটা ও হুন্ডি: জয় চৌধুরীর অডিও ফাঁস

ঢালিউড অভিনেতা জয় চৌধুরীর দুটি অডিও বার্তা ফাঁস হওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল অডিওতে তাকে নারী এমপি কোটা ও হুন্ডির মাধ্যমে অর্থ আনার কথা বলতে শোনা গেছে। এ ঘটনায় নেটিজেনদের পাশাপাশি অভিনেতা সাইফ খানও তীব্র সমালোচনা করেছেন।

অডিওতে কী বলা হয়েছে?

প্রথম অডিওতে জয় চৌধুরীকে বলতে শোনা যায়, ‘ভাই, মহিলা এমপি হতে কেউ চায় কিনা দেখেন। আমার কাছে দুটি কোটা আছে।’ দ্বিতীয় অডিওতে তিনি বলেন, ‘ভাই, আমাদের এক লিডারের জাস্ট খরচের টাকা। আহামরি কিছুই না। দুই লাখ ইউরো ইতালি থেকে বাংলাদেশে আসবে। আপনার পরিচিত খুব কমে হুন্ডির যে রেট থাকে, ঢাকায় কে দিতে পারবে আমাকে জানাবেন। ২০ হাজার করে আনবে।’

বিতর্কের প্রেক্ষাপট

এর আগে ২০২৪ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনপরবর্তী সময়ে এফডিসিতে সাংবাদিক ও শিল্পীদের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয় চৌধুরী মারমুখী আচরণ করেন। সে সময় সাংবাদিকদের ওপর হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। পরে গণমাধ্যমকর্মীদের একটি অংশ তাকে বয়কটের ঘোষণা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনেতা সাইফ খানের প্রতিক্রিয়া

অডিও ফাঁসের পর অভিনেতা সাইফ খান ফেসবুকে লিখেছেন, ‘এরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ছিল, ইউনুস আমলে পিনাকী ভট্টাচার্যকে আদর্শ বলত; আর এখন বিএনপি আমলে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি মানুষের একটা আদর্শ থাকা উচিত। এরা ধান্দাবাজ, দালাল ও আদর্শহীন। আওয়ামী লীগ আমলেও বিনোদন সাংবাদিকদের গায়ে হাত তোলার রেকর্ড তার আছে। চলচ্চিত্রের মানুষকে নিয়ে এমন গিরগিটিকে চিনে রাখা উচিত।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জয় চৌধুরীর বক্তব্য

এ বিষয়ে যোগাযোগ করা হলে জয় চৌধুরী অডিওতে নিজের কণ্ঠ থাকার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, কথোপকথনের অংশবিশেষ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘গুলশান-বনানীতে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আমাদের প্রায়ই মিটিং করতে হয়। এমন একটি বৈঠকে আমাকে বলা হয়েছিলো, চাইলে মহিলা এমপির জন্য সুপারিশ করা যেতে পারে। আমি শুধু সেই কথাই পরিচিত একজনকে জানিয়েছি। এর বাইরে কোনো আর্থিক লেনদেন হয়নি। কেউ চাইলে আমার ব্যাংক অ্যাকাউন্টও যাচাই করতে পারেন।’

আইনি ও সামাজিক প্রভাব

হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে দেশে অর্থ আনা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। ফলে অডিওতে হুন্ডির মাধ্যমে অর্থ আনার প্রসঙ্গ এবং ‘নারী এমপি কোটা’ সংক্রান্ত মন্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে শিল্পী সমিতির নির্বাচনের ঠিক আগে এসব কথোপকথন প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে।

জয় চৌধুরীর চলচ্চিত্র জীবন

জয় চৌধুরী ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘অমানুষ হলো মানুষ’ ও ‘আজব প্রেম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেলেও অভিনয়ের চেয়ে বিতর্কেই বেশি আলোচিত। সর্বশেষ অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে একটি সিনেমায় তাকে দেখা গেলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হয়নি।