রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আইনজীবীর বক্তব্য
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক (এসআই) আমির হামজা গত ৯ জুন ফাহিমকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেছিলেন।
গ্রেফতার দেখানোর আবেদনে কী বলা হয়েছে
গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, তদন্তকালে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের মধ্যে আর এস ফাহিম চৌধুরীর সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগ
মামলার অভিযোগ অনুযায়ী, ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা ও অর্থ যোগানদাতা। মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিরা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন রমনা পার্ক এলাকায় একটি গোপন বৈঠকে অংশ নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ওই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন।
পূর্বের আটক ও হত্যা মামলা
এর আগে গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে আটক করে স্থানীয় জনতা ও একদল শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।
গত ৩০ মার্চ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।



