সান পিকচারসের মেগা প্রজেক্ট ‘রাকা’: অর্জুন-দীপিকার ফ্যান্টাসি অ্যাকশনে বাজেট ৯০০ কোটি রুপি
ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচারস তাদের বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ফ্যান্টাসি-অ্যাকশন সিনেমার নাম ঘোষণা করেছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রাকা’। বুধবার (৯ এপ্রিল) অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে চলচ্চিত্রটির পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশের পরপরই এটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করে।
অভিনয়শিল্পী ও পরিচালক
সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন। এটি পরিচালক অ্যাটলি ও আল্লু অর্জুনের প্রথম যৌথ কাজ, যা চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ একটি প্যান-ইন্ডিয়ান মেগা প্রজেক্ট, যেখানে উন্নত ভিএফএক্স, উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্য ও ফ্যান্টাসি উপাদান থাকবে।
বাজেট ও পারিশ্রমিক
এশিয়ানেট নিউজের প্রতিবেদনের অনুযায়ী, সিনেমাটির বাজেট প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি রুপি। এর মধ্যে আল্লু অর্জুন পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৭৫ কোটি রুপি। এমনকি তিনি সিনেমার লাভের ১৫ শতাংশ নেবেন বলেও জানা গেছে। জওয়ান সিনেমার সাফল্যের পর, অ্যাটলি তার পারিশ্রমিক বাড়িয়েছেন। এই সিনেমার জন্য তিনি ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। যদিও শাহরুখ খানের সিনেমার জন্য তিনি মাত্র ৩০ কোটি টাকা পেয়েছিলেন। এছাড়া দীপিকা পাডুকোন পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা।
আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব
বিগ বাজেট এই সিনেমাটি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস এবং ফ্যান্টাসি উপাদানের মাধ্যমে ‘রাকা’ বিশ্বব্যাপী দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পটি ভারতীয় চলচ্চিত্র শিল্পের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে, যা গ্লোবাল মার্কেটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।



