শাস্ত্রীয় নৃত্য উৎসব ‘ধ্রুপদ’ ১১ মে অনুষ্ঠিত হবে
শাস্ত্রীয় নৃত্য উৎসব ‘ধ্রুপদ’ ১১ মে

বাংলাদেশের শাস্ত্রীয় নৃত্যচর্চা, ঐতিহ্য ও নন্দনচেতনার বিকাশকে কেন্দ্র করে সাংস্কৃতিক সংগঠন ভৈরবী আয়োজন করতে যাচ্ছে শাস্ত্রীয় নৃত্য উৎসব “ধ্রুপদ”। আগামী ১১ মে, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দের গোধূলিলগ্নে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।

উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য

শাস্ত্রীয় নৃত্যের বহুমাত্রিক ঐতিহ্য, শরীরী ভাষা, ছন্দ ও আধ্যাত্মিক সৌন্দর্যকে দর্শকদের সামনে উপস্থাপন করার লক্ষ্যেই এই আয়োজন। উৎসবে ভরতনাট্যম, মণিপুরী, কথক, ওড়িসি ও কথাকলিসহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যধারার পরিবেশনা অনুষ্ঠিত হবে। ভৈরবী দীর্ঘদিন ধরে সংগীত, নৃত্য, নাট্য ও ঐতিহ্যভিত্তিক শিল্পচর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তরুণ শিল্পীদের জন্য সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি এবং শাস্ত্রীয় শিল্পকলার ধারাবাহিক চর্চা নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী বক্তব্য

অনুষ্ঠানের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য প্রদান করবেন ভৈরবীর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইলিয়াস নবী ফয়সাল। তিনি বলেন, “শাস্ত্রীয় নৃত্য কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি মানুষের ভাব, দর্শন, শরীরী ভাষা এবং আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। ‘ধ্রুপদ’-এর মাধ্যমে আমরা এমন একটি সাংস্কৃতিক পরিসর তৈরি করতে চাই, যেখানে নতুন প্রজন্ম শাস্ত্রীয় নৃত্যের গভীরতা ও সৌন্দর্যের সঙ্গে পরিচিত হতে পারে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শাস্ত্রীয় নৃত্যের দর্শক, শিল্পী ও গবেষকদের মধ্যে একটি আন্তঃসংযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। ‘ধ্রুপদ’ সেই সাংস্কৃতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. সোমা মুমতাজ, সাজু আহমেদ এবং তামান্না রহমান। উৎসবে অংশ নেবেন অর্ণব শর্মা, নিবেদিতা দাস, তজিম চাকমা, অন্তরা আক্তার, মন্দিরা চৌধুরী, প্রান্তিক দেব, মিখিলা চনু, রোমন ইসলাম প্রীতম, মারিয়া ফারিহ উপামা, সোনিয়া পারভীন, অপর্না নিশি, মোঃ জসিম উদ্দীন ও প্রিয়াংকা সরকারসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা। এছাড়াও অংশ নেবে নৃত্যদল উষান, টিম প্রজন্ম এবং 'চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম'।

পার্টনার ও সহযোগী

অনুষ্ঠানের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে ওয়ালেসিয়া। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে জেসিআই ঢাকা ইয়ং। সহযোগিতায় রয়েছে ধারা এবং শেষচিত্র।