ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন। সেখানে তিনি তার অভিনীত সিনেমা ‘পায়ল’ (আর্কটিক বিভাগ) নিয়ে হাজির হন। বিদেশের মাটিতে লাল গালিচায় নিজের দেশের সংস্কৃতি তুলে ধরতে তিনি বেছে নেন দেশীয় বেনারসি। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় আসে তার ‘কাকপ্রীতি’।
দেশপ্রেমের প্রকাশ বেনারসিতে
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘বিদেশের মাটিতে পা রাখলে আমি আর ব্যক্তিগত ভাবনা থাকি না, আমি হয়ে উঠি একটুকরো বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘রেড কার্পেটে সবুজ বেনারসি পরে আমি নিজেকে বাংলাদেশের পতাকার আদলে উপস্থাপন করতে চেয়েছি। আমি চেয়েছি আমাদের বেনারসি যেন শুধু বিয়ের পোশাকে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়।’
কাকের প্রতি অগাধ ভালোবাসা
কাকের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা নিয়ে ভাবনা বলেন, ‘ভালোবাসার উৎপত্তি তো বলে বোঝানো যায় না। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি।’ তিনি জানান, পুরান ঢাকায় বড় হওয়ার কারণে প্রথম দেখা পাখি ছিল কাক, আর সেই প্রথম প্রেমেই তিনি পড়ে যান। ‘ঢাকা শহরে টিয়া বা অন্য পাখি অহরহ দেখা যায় না, কিন্তু কাক সব জায়গায় আছে,’ যোগ করেন তিনি।
ট্রলের জবাবে ভাবনা
কাক নিয়ে নেটিজেনদের ট্রল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আপনারা যে এই “কাক কাক” করেন, আমি চাই বরং তাদের একটু ভালোবাসুন। বারান্দায় একটু খাবার বা পানি দিন।’ তিনি আরও বলেন, তিনি কাক নিয়ে ছবি আঁকেন এবং বিদেশের মাটিতেও এই ভালোবাসা উপস্থাপন করেন।
প্রতিশোধ নয়, প্রকৃতির ওপর ভরসা
ভাবনা জানান, তিনি প্রতিশোধ নেওয়ায় বিশ্বাস করেন না। ‘আমি সব সৃষ্টিকর্তা আর প্রকৃতির ওপর ছেড়ে দিই। আপনি নিজে প্রতিশোধ নিলে প্রকৃতি সেটি নেবে না। আমি বিশ্বাস করি, আমার হয়ে প্রকৃতিই লড়বে এবং প্রকৃতির প্রতিশোধ অনেক বেশি ভয়ঙ্কর,’ বলেন তিনি।



