সোশ্যাল মিডিয়ায় সোমবার (৪ মে) সকাল থেকে একটি মিম ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন তাহলে তাকে বিয়ে করবেন কঙ্গনা রানাওয়াত। এই মিম নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে। এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন কঙ্গনা নিজেই।
কঙ্গনার প্রতিক্রিয়া
কিছুদিন আগেই রাঘব চাড্ডা বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরেই রাহুল গান্ধীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মিম ঘোরাফেরা করতে থাকে। ওই মিমে লেখা ছিল, কঙ্গনা বলছেন— যদি রাহুল গান্ধী বিজেপিতে যোগ দেন তাহলে আমি ওকে বিয়ে করার জন্য প্রস্তুত। খুব স্বাভাবিকভাবেই অন্যদের পাশাপাশি কঙ্গনার চোখেও পড়েছে এই মিম।
মিমটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘এই ভুয়া খবরটা কি জঘন্য। রাজনীতিতেও নারীদের কোনো মর্যাদা নেই। যারা এই ভুয়া খবর ছড়াচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত।’
কঙ্গনার বর্তমান কার্যক্রম
বেশ কয়েক বছর কঙ্গনা সিনেমা জগত থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে কাজ করছেন। তবে কিছুদিনের মধ্যেই ‘কুইন’ ছবির সিক্যুয়েলে দেখা যাবে কঙ্গনাকে। জানা গেছে, এই সিনেমার পরিচালনা, চিত্রনাট্য ও সহ-প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন বিকাশ বাহল। তিন মাসের মধ্যে ছবির শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন পরিচালক।
‘কুইন ২’ নয়, নতুন শিরোনাম
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, ছবিটি ‘কুইন’ সিনেমার দ্বিতীয় পর্ব হিসেবে তৈরি করা হলেও এই ছবির নাম ‘কুইন ২’ হবে না। এর পরিবর্তে নির্মাতারা নতুন শিরোনাম খুঁজছেন। ‘কুইন ফরএভার’ শিরোনামটি বেছে নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত কিছু এখনো জানানো হয়নি।



