একসময় হিন্দি সিনেমার পর্দায় রাজত্ব করা কারিশমা কাপুর এখন অনেকটাই দূরে রয়েছেন বড় পর্দা থেকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন তিনি কী ধরনের প্রকল্পে কাজ করতে চান এবং কেন বড় পর্দার প্রতি তাঁর টান এখনও অটুট।
ক্যারিয়ার নিয়ে কারিশমার ভাবনা
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কারিশমা বলেন, তিনি কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিকে কাছ থেকে দেখেছেন। তাঁর ভাষায়, 'আমি ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি এবং বাণিজ্যিক ব্লকবাস্টার থেকে শুরু করে পরীক্ষামূলক সিনেমা—সব ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। এখন আর সব জায়গায় উপস্থিত থাকতে চাই না। বরং আমি সেই প্রজেক্টগুলো বেছে নিই, যা আমার মন ছুঁয়ে যায়।'
তিনি আরও বলেন, 'আগে এক সেট থেকে আরেক সেটে যাওয়ার কারণে অনেক দৌড়ঝাঁপ করতে হতো। এখন আমি সময়কে বেশি গুরুত্ব দিই। ভেবেচিন্তে প্রজেক্ট বেছে নিই। চাই প্রতিটি প্রজেক্টের জন্য দেওয়া সময় অর্থবহ হোক। পাশাপাশি পরিবারকেও যেন যথেষ্ট সময় দিতে পারি। চিত্রনাট্য গুরুত্বপূর্ণ, তবে এর সঙ্গে যুক্ত মানুষ এবং গল্পের পেছনের উদ্দেশ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।'
বড় পর্দার প্রতি টান
দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে থাকলেও আজও এর প্রতি এক বিশেষ টান অনুভব করেন কারিশমা। তিনি বলেন, 'বড় পর্দার নিজস্ব এক জাদু আছে। এখান থেকেই আমার অভিনয় যাত্রা শুরু করেছি। এটি সব সময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করে থাকবে। তবে ওটিটি প্ল্যাটফর্মগুলোর গল্প বলার ধরনও পছন্দ করি। ওটিটির কারণে বিনোদন–দুনিয়ায় বদল এসেছে। ওয়েব প্ল্যাটফর্মগুলো জটিল এবং গভীর গল্প নিয়ে আসছে, অভিনয়শিল্পীদের বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ দিচ্ছে। আমার মতো একজনের জন্য এটি একটি দুর্দান্ত ক্ষেত্র। তবে আমি বড় পর্দাকে কখনো ছাড়ব না।'
নতুন সিরিজ 'ব্রাউন'
বর্তমানে কারিশমা কাপুর সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ 'ব্রাউন' নিয়ে আলোচনায়। সাত পর্বের এই সিরিজটি জি–৫–এ মুক্তি পেয়েছে ৫ জুন। পরিচালনা করেছেন অভয় দেও। এতে কারিশমা কলকাতা পুলিশের গোয়েন্দা রীতা ব্রাউনের চরিত্রে অভিনয় করেছেন। সমালোচকদের প্রশংসা পাচ্ছে তাঁর অভিনয়। সিরিজটিতে আরও অভিনয় করেছেন সূর্য শর্মা, সোনি রাজদান ও যীশু সেনগুপ্ত।



