পাহাড়ে হামে আক্রান্ত শিশু ও রোগীদের চিকিৎসা সহায়তার তহবিল গঠনের লক্ষ্যে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র ও নাট্য উৎসবের আয়োজন করেছে সিএইচটি ফিল্ম সোসাইটি। আগামী ২২ ও ২৩ মে খাগড়াছড়ি পার্বত্য জেলার কালচারাল ইনস্টিটিউটে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
উৎসবের মূল প্রতিপাদ্য
রাঙ্গামাটির জুমফুল থিয়েটার ও খাগড়াছড়ির অড়ং থিয়েটারের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের মূল প্রতিপাদ্য “মানুষ ও মানবতার জন্য শিল্প”। আয়োজকদের ভাষ্য, শিল্প শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোরও শক্তিশালী হাতিয়ার।
প্রদর্শিত হবে যেসব নাটক
উৎসবে সম্প্রতি নির্মিত পাঁচটি আদিবাসী নাটক এবং একটি মঞ্চনাটক প্রদর্শিত হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিনির্ভর এসব নাটকে উঠে আসবে পাহাড়ি জনপদের জীবন, সংগ্রাম ও অনুভূতির গল্প। আয়োজনটির সৌজন্যে রয়েছে দোয়েল ওটিটি প্ল্যাটফর্ম।
- ২২ মে শুক্রবার প্রদর্শিত হবে ম্রো নাটক ‘রিনা প্লুং’, ত্রিপুরা নাটক ‘খেলাংবার’ এবং চাকমা নাটক ‘ধনপুদি’।
- ২৩ মে শনিবার মঞ্চস্থ হবে তঞ্চঙ্গ্যা নাটক ‘কাইন্স্যা গাঙান’, মারমা নাটক ‘মাছেং’ এবং চাকমা মঞ্চনাটক ‘হাত্তন’।
টিকিট মূল্য ও পরিকল্পনা
আয়োজকরা জানিয়েছেন, একটি টিকিটেই প্রতিদিন তিনটি নাটক উপভোগের সুযোগ থাকবে দর্শকদের জন্য। সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। তবে শিক্ষার্থীরা ১০০ টাকায় টিকিট সংগ্রহ করতে পারবেন।
খাগড়াছড়িতে আয়োজন শেষে পর্যায়ক্রমে রাঙ্গামাটি ও বান্দরবানেও এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।



