বর্ষীয়ান অভিনেতা অনুপম খের সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেন তিনি পরিচালক মহেশ ভাটকে ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারক’ বলেছিলেন। ঘটনাটি ১৯৮৪ সালের, যখন মহেশ ভাটের পরিচালিত ‘সারাংশ’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অনুপম খের। এই সিনেমার জন্যই তিনি টানা ছয় মাস কঠোর প্রস্তুতি নিয়েছিলেন। বয়স্ক মানুষের মতো হাঁটাচলা, কথা বলা, এমনকি লাঠি নিয়ে চলাফেরারও অনুশীলন করেছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই বাদ পড়ার খবর
অনুপম খের বলেন, শুটিং শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে তিনি জানতে পারেন, তাকে সিনেমা থেকে বাদ দিয়ে সেই চরিত্রে নেওয়া হচ্ছে অভিনেতা সঞ্জীব কুমারকে। এই খবর শুনে তিনি ভেঙে পড়েন এবং মুম্বাই ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে যাওয়ার আগে মহেশ ভাটের বাড়িতে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। সেসময় তিনি বলেছিলেন, “আপনি সত্যতা নিয়ে সিনেমা তৈরি করেন, কিন্তু আপনার নিজের মধ্যে কোনো সত্যতা নেই।”
পরিস্থিতির পরিবর্তন
অনুপম খেরের এই আবেগঘন প্রতিক্রিয়াই শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে দিয়েছিল। মহেশ ভাট পরে নিজেই প্রযোজকদের বলেন, এই চরিত্রে একমাত্র অনুপম খেরই অভিনয় করবেন। এরপর অনুপমই ‘সারাংশ’ সিনেমায় অভিনয় করেন এবং তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়।



