ইমেরিটাস অধ্যাপক ও প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী (রনবী) বলেছেন, তারুণ্যের সময় কবি–সাহিত্যিকদের সঙ্গে আড্ডায় আলোকিত হয়েছিলেন তিনি। তাঁর মতে, ওই আড্ডাগুলো না থাকলে এবং ওই ঘনিষ্ঠতা না থাকলে আজকে শুধু তিনি নন, বরং আরও অনেক শিল্পী এত দূর আসতে পারতেন না।
সাহিত্যের সঙ্গে চিত্রকলার সংযোগ
শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে 'সাহিত্যে কালি ও কলমের টান: সাহিত্যের সঙ্গে চিত্রকলার সংযোগ' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম এ সভার আয়োজন করে।
চিত্রশিল্পী রফিকুন নবী জানান, বয়সে তরুণ হলেও তিনি তাঁর সময়ের কবি–সাহিত্যিকদের আড্ডায় থাকতেন এবং তাঁদের সঙ্গে ওঠাবসা করতেন। এতে তাঁদের মনমানসিকতা বুঝতে পারতেন তিনি।
সচিত্র সন্ধানীর আড্ডার স্মৃতি
একসময়ের জনপ্রিয় সাময়িক পত্রিকা সচিত্র সন্ধানীতে আড্ডা দেওয়ার স্মৃতিচারণা করে রফিকুন নবী বলেন, সেই আড্ডায় কবি শামসুর রাহমান, কথাশিল্পী শওকত ওসমানসহ অনেকে আসতেন। জমজমাট আড্ডা হতো, যেখানে শিল্প–সাহিত্য, হালকা কথা, আন্তর্জাতিক রাজনীতি ও দেশের রাজনীতি নিয়ে আলোচনা হতো। দেশের রাজনীতির কথাটা তখন বেশি হতো। সেই আড্ডা থেকে তাঁর বয়সীরা আলোকিত হতেন এবং সেই আলোকে নিজেদের তৈরি করার চেষ্টা করেছেন।
এআই প্রসঙ্গে মতামত
দর্শনার্থীদের এক প্রশ্নের জবাবে রফিকুন নবী বলেন, এখন নতুন প্রযুক্তি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রাধান্য পাচ্ছে। এআই দিয়ে যাঁরা ইলাস্ট্রেশন করছেন, তাঁদের কাজের ধরন প্রায় এক রকমই। ড্রয়িং যেটা এআই থেকে বেরিয়ে আসে—এক রকমের, একই ধরনের। সেটা এখন পর্যন্ত সামগ্রিকভাবে গৃহীত হয়েছে বলে তাঁর মনে হয় না। কারণ, শিল্পীর হাত থেকে বেরোনো আর এআইকে প্রোগ্রাম করে বের করা—দুটি আলাদা ঘটনা। তারপরও কাজটা হচ্ছে, এটা বড় কথা।
প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, এআইয়ের নিশ্চয় অনেক ভালো দিক আছে। যে ছবিগুলো আঁকা আছে, সেখান থেকে একটা সাধারণ ধারণা নিয়ে আঁকে এআই। ফলে সব ছবি একই রকম হয়। এটা হয়তো একসময় সৃজনশীল জায়গায় গিয়ে পৌঁছাবে। তবে এখন পর্যন্ত সে জায়গায় পৌঁছায়নি।
শিল্পী সব্যসাচী হাজরা বলেন, একটা সময় শিল্পীদের সঙ্গে কবি-সাহিত্যিকদের নিবিড় সম্পর্ক ছিল। এখন সেই সংযোগ বিচ্ছিন্ন, যার নেতিবাচক প্রভাব কাজের মধ্যে পড়ছে।
কালি ও কলম পুরস্কারের আহ্বান
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি বলেন, সিটি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫–এর জন্য বই আহ্বান করা হচ্ছে। আগ্রহীদের আবেদন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী রফি হক ও লেখক ও সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন ইমাম।



