ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান অবশেষে প্রকাশিত হয়েছে। কলম্বিয়ান গায়িকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক-গীতিকার বর্ণা বয় যৌথভাবে ‘ডাই ডাই’ শিরোনামের এই গানটি প্রকাশ করেছেন। শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ডাই ডাই’ গানটি শাকিরা ও বর্ণা বয়ের বিশ্বব্যাপী সুর ও শক্তিকে একত্রিত করে ফুটবল, সংস্কৃতি ও ঐক্যের এক প্রাণবন্ত উদযাপন উপস্থাপন করে।
গত মে মাসের শুরুর দিকে শাকিরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিনিটব্যাপী টিজার ক্লিপ শেয়ার করে এই গানের আগমনী বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে, এখানে “ডাই ডাই”, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান।’
ফিফা জানিয়েছে, এই গানটি প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে এবং এর রয়্যালটি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে প্রদান করা হবে।
এর আগে বৃহস্পতিবার ফিফা ঘোষণা করে যে, নিউ জার্সিতে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের হাফটাইম শোতে ম্যাডোনা, শাকিরা এবং বয় ব্যান্ড বিটিএস-এর মতো তারকারা অংশ নেবেন।
বিশ্বকাপটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবং জুন মাসে শুরু হবে।



