আজ মুক্তি পেল 'আজও অর্ধাঙ্গিনী'
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে কেন্দ্র করে বড়পর্দায় ফিরছে পরিচালক কৌশিক গাঙ্গুলীর আলোচিত সিনেমা 'আজও অর্ধাঙ্গিনী'। ২০২৩ সালের সফল সিনেমা 'অর্ধাঙ্গিনী'র দ্বিতীয় কিস্তি এটি আজ মুক্তি পেয়েছে। চেনা চরিত্রগুলো ফিরছে অচেনা মোড় নিয়ে। কিছু দিন ধরে প্রচারে বৃষ্টি-ঘামে ভিজছেন নির্মাতা-শিল্পীরা।
জয়ার চরিত্র ঘিরেই গল্প
প্রথম পর্বে জয়া আহসানের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন কিস্তিতেও তার চরিত্রের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা দ্বন্দ্বই গল্পের মূল চালিকাশক্তি হবে। প্রথম পর্বের সাফল্য এবং জয়ার জনপ্রিয়তার কারণে দ্বিতীয় পর্ব নিয়ে ইতিমধ্যে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পরিচালকের ভাষ্য
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলী বলেন, 'প্রথম সিনেমা নির্মাণের সময় থেকেই দ্বিতীয় পর্বের ভাবনা মাথায় ছিল। দর্শকদের ভালোবাসা ও অভূতপূর্ব সাড়াই সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করেছে।' তিনি আরও বলেন, ''অর্ধাঙ্গিনী' মুক্তির পর যেখানেই গেছি, সেখানেই সিনেমাটি নিয়ে আলোচনা শুনেছি। দর্শকদের আগ্রহ প্রত্যাশার বাইরে ছিল। একই সময়ে বড় বাজেটের একটি জনপ্রিয় সিনেমা মুক্তি পেলেও 'অর্ধাঙ্গিনী' দর্শকের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছিল।'
তিনি সিনেমাকে গাছের সঙ্গে তুলনা করে বলেন, 'নির্মাতা শুধু বীজ বপন করতে পারেন, কিন্তু সেটি বড় হয়ে ওঠে দর্শকের ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও সমর্থনে। সেই ভালোবাসার ফল হিসেবেই আসছে 'আজও অর্ধাঙ্গিনী'।'
নতুন সিনেমাটির গল্প আবর্তিত হবে সম্পর্কের জটিলতা, অতীত ও বর্তমানের টানাপোড়েন এবং মানুষের না-বলা অনুভূতিকে ঘিরে। 'অতীত কখনো মুছে যায় না— এই উপলব্ধিই সিনেমাটির অন্যতম ভিত্তি,' বলেন কৌশিক গাঙ্গুলী।
জয়া আহসানের ব্যস্ততা ও অসুস্থতা
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জয়া আহসান প্রচারে ব্যস্ত। কাকভেজা শহরে ছুটতে গিয়ে ঠাণ্ডা লেগেছে অভিনেত্রীর। আপাতত ওষুধকে সঙ্গী করে দায়িত্ব সামলাচ্ছেন। অসুস্থতার সঙ্গে মন খারাপও আছে। দর্শকদের আগ্রহ প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'দর্শক ভীষণ আগ্রহী। অস্থির হয়ে আছে সিনেমাটি দেখার জন্য। আগেরটা সবাই পছন্দ করেছিল, আর এবার ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে সবার আগ্রহ আরও বেড়ে গেছে।'
তিনি জানান, 'যেসব হলে চূড়ান্ত হয়েছে, সেগুলোতে অলরেডি সব শো হাউজফুল হয়ে গেছে। হলের পুরো তালিকা এলে তবেই দর্শক টিকিট সংগ্রহ করতে পারবে।'
'এবার ডোজটা একটু কড়া'
তিন বছর পর 'অর্ধাঙ্গিনী'দের ফেরা। নতুন রসদ কী জানতে চাইলে 'দেবী'খ্যাত অভিনেত্রী জয়া আহসান বলেন, 'একটাই কথা বলতে পারি— এবার ডোজটা একটু কড়া।'
নির্মাতা কৌশিক গাঙ্গুলির ছবি দিয়েই ওপার বাংলায় অনন্য অবস্থান গড়ে নিয়েছেন জয়া। তার 'বিসর্জন', 'বিজয়া' কিংবা 'অর্ধাঙ্গিনী' ছবিগুলো জয়াকে নিয়ে গেছে মুগ্ধতার শিখরে। কৌশিক গাঙ্গুলি প্রসঙ্গে জয়া বলেন, 'তিনি অত্যন্ত গুণী নির্মাতা ও অভিনেতা। চিত্রনাট্যকার হিসেবেও অনন্য। চিত্রনাট্য সম্পর্ক বিল্ডআপের ক্ষেত্রে পিএইচডির ওপরেও যদি কোনো ডিগ্রি থাকে, সেটার অধিকারী কৌশিক দা।'
জয়া আহসান আরও বলেন, ''আজও অর্ধাঙ্গিনী' সিনেমায় এমন কিছু কৌতূহলের পারদ রয়েছে, যা এক লাফে আকাশ ছুঁতে পারে। এ সিনেমায় কিছু জটিল ও স্পর্শকাতর মোড় আছে; আমি চাই, আমার কোনো শত্রুও যেন এ রকম পরিস্থিতিতে না পড়ে।'
অভিনয়শিল্পী ও কলাকুশলী
জয়া আহসান ছাড়াও 'আজও অর্ধাঙ্গিনী' সিনেমায় অভিনয় করেছেন চূর্ণী ও কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, রায়া ভট্টাচার্য, ডিম্পল আচার্য প্রমুখ। 'অর্ধাঙ্গিনী'র দুই পর্বেই জয়া আহসানের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন চূর্ণী গাঙ্গুলি। পরিচালক জানান, তারা দুজনেই ভালো করেছে।
নারীকেন্দ্রিক চরিত্র প্রসঙ্গে নির্মাতা কৌশিক গাঙ্গুলী বলেন, 'পর্দায় নারীর অনুভূতি, মনস্তত্ত্ব ও জীবনসংগ্রাম তুলে ধরতে আমি সবসময় আগ্রহী। নারী চরিত্রের গভীরতা অন্বেষণ একজন নির্মাতার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল দায়িত্ব।'



