গত ১৪ জানুয়ারি বিয়ে করেছেন জনপ্রিয় গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বিয়ের পর এখন হানিমুনে গেছেন এই নবদম্পতি। গতকাল ৩ মে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন জেফার। ভিডিওতে দেখা যায়, তাঁরা কোনো এক পর্যটনস্থলে সময় কাটাচ্ছেন।
ভিডিওতে যা দেখা গেছে
ভিডিওর সঙ্গে জেফার তাঁর নতুন গান ‘তোর ছায়া’ জুড়ে দিয়েছেন। ট্যাগ করেছেন জীবনসঙ্গী রাফসান সাবাবকে। তবে হানিমুনে ঠিক কোথায় গেছেন, তা বলেননি। ভূপ্রকৃতি দেখে গুগল লেন্স বলছে, জায়গাটি মালয়েশিয়া। ভিডিওতে লঙ্কাউই স্কাই ব্রিজ, লঙ্কাউই ইউনেসকো গ্লোবাল জিওপার্ক, সমুদ্রস্নান ও মাউন্ট মাচিংচাংয়ে কেবল কারে ওঠার দৃশ্য দেখা গেছে।
জেফারের বর্তমান ব্যস্ততা
সম্প্রতি নতুন গান মুক্তি দিয়েছেন জেফার। এ ছাড়া পেয়েছেন মেরিল–প্রথম আলো পুরস্কার। সব মিলিয়ে সময়টা তাঁর ভালোই যাচ্ছে। বিয়ের আগে মায়ের ২০ বছরের পুরোনো ওড়নাটি শাড়ি বানিয়ে পরেছিলেন জেফার, যা লালগালিচায় হাঁটার সময় নজর কেড়েছিল।



