বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে চলছে। সেখানে ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির দুই প্রধান তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তবে শুটিং চলাকালে একটি দৃশ্য ফাঁস হলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
ফাঁস হওয়া দৃশ্য ও পরিচালকের প্রতিক্রিয়া
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, রোদচশমা ও স্টাইলিশ পোশাকে শাহরুখের পাশে হাসিমুখে দীপিকা দাঁড়িয়ে আছেন। বহুদিন পর এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে শুটিংয়ের গোপনীয়তা ভেঙে যাওয়ায় বিরক্ত নির্মাতা। নিজের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘কিং’ সিনেমার পুরো টিম দিন-রাত পরিশ্রম করছে। তিনি অনুরাগীদের উদ্দেশে অনুরোধ জানান, শুটিংয়ের কোনো ছবি বা ভিডিও যেন কেউ সামাজিক মাধ্যমে ফাঁস না করেন।
দীপিকা পাড়ুকোনের কেপ টাউন যাত্রা
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দীপিকা পাড়ুকোনকে স্বামী রণবীর সিং-এর সঙ্গে দেখা যাওয়ার পর তাদের গন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরে জানা যায়, কেপ টাউনে ‘কিং’ সিনেমার শুটিংয়ের উদ্দেশেই তারা সেখানে গেছেন।
সিনেমার অন্যান্য তারকা ও মুক্তির তারিখ
‘কিং’ সিনেমায় শাহরুখ-দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর একযোগে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ‘কিং’ সিনেমাটি। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।



