বিনোদন জগতে ছোটপর্দার হাত ধরে পা রেখেছিলেন মধুমিতা চক্রবর্তী। ২০১১ সালে মহুয়া বাংলা চ্যানেলে 'সবিনয় নিবেদন' ধারাবাহিকের মাধ্যমে টালিপাড়ায় আত্মপ্রকাশ করেন তিনি। তবে খ্যাতির শীর্ষে পৌঁছে দেন স্টার জলসার ব্লকবাস্টার মেগা 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিক। ২০১৮ সালে 'কুসুমদোলা' ধারাবাহিকের পর দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়ে ছবি ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করেন। 'ভোলে বাবা পার করেগা' দিয়ে ছোটপর্দায় ফিরলেও সেই ফেরা সুখকর হয়নি। বর্তমানে টেলিভিশন থেকে দূরে রয়েছেন তিনি।
আবার বিয়ে করলেন মধুমিতা
জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা আবার বিয়ে করলেন! খবরটি শুনে অনেকেই চমকে উঠলেও ঘটনা সত্যি। তবে নতুন কারও সঙ্গে নয়, নিজের স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই আরও একবার বিয়ের পিঁড়িতে বসলেন 'পাখি' খ্যাত এই অভিনেত্রী।
আইনি বিয়ের আয়োজন
বৃহস্পতিবার (৪ জুন) জীবনের নতুন অধ্যায় নথিবদ্ধ করলেন এই তারকা জুটি। ধুমধাম করে সামাজিক বিয়ের চার মাস পর এবার আইনি বিয়ে সারলেন মধুমিতা ও দেবমাল্য। চলতি বছরের ২৪ জানুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে ঘুরেছিলেন তারা। অভিনেত্রীর জীবনে এটি দ্বিতীয় বিয়ে হওয়ায় অনুগামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। চার মাস সুখে সংসার করার পর এবার সম্পর্ককে আইনি সিলমোহর দিলেন দুজনে।
ভক্তদের সঙ্গে মুহূর্ত ভাগাভাগি
আইনি বিয়ের বিশেষ মুহূর্তের কোলাজ সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। অত্যন্ত মনোযোগ দিয়ে আইনি খাতায় সই করেছেন মধুমিতা, আর পাশে বসে সস্নেহে তা দেখছেন দেবমাল্য। কখনো আদুরে পোষ্যকে নিয়ে পোজ দিতে ব্যস্ত দুজনে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মধুমিতা লিখেছেন—'লিগ্যালি ইওরস' (আইনতও তোমার)।
ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে
বড় কোনো জাঁকজমক ছাড়াই অত্যন্ত ঘরোয়া আবহে সম্পন্ন হয়েছে আইনি বিয়ের পর্ব। মধুমিতা-দেবমাল্যের নতুন শুরুর আইনি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্যরা। বিশেষ দিনে নজর কেড়েছে জুটির আদুরে পোষ্যটি, যে আইনি বিয়ের পুরো সময় জুড়ে দম্পতির পাশে ছিল। সামাজিক মাধ্যমে ছবি আসতেই নতুন দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন টালিপাড়ার সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা।
মধুমিতার পূর্ববর্তী বিবাহ
উল্লেখ্য, এর আগে মধুমিতা ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। কিন্তু দাম্পত্য টেকেনি। ডিভোর্সের পর ছোটবেলার বন্ধু দেবমাল্যের মধ্যেই জীবনসঙ্গী খুঁজে নেন অভিনেত্রী। দেবমাল্য বিনোদন জগতের মানুষ নন, পেশায় আইটি কর্মী। ২০২৪ সালের দুর্গাপূজায় সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স তিন বছর।



