বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও আলোচনায় কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়। এবারের আসরে ঝলমলে রুপালি পোশাকে হাজির হয়ে নজর কাড়েন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রতিবেদনে দেখা যায়, গ্লিটারিং সিলভার কউচার গাউন, ভারী অলঙ্কার ও ব্যতিক্রমী হেডগিয়ারে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।
পঞ্চম বারের অংশগ্রহণ
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ১২ মে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নেন উর্বশী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয়। তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই তার কাছে বিশেষ অনুভূতির।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এটি কান চলচ্চিত্র উৎসবে উর্বশীর টানা পঞ্চম উপস্থিতি। ২০২২ সালে প্রথমবার এই উৎসবে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই ভিন্নধর্মী পোশাক ও সাজে আলোচনায় এসেছেন তিনি।
ফ্যাশন বিতর্ক ও প্রশংসা
অভিনয়ের চেয়ে সাম্প্রতিক সময়ে ফ্যাশন স্টেটমেন্ট ও আন্তর্জাতিক রেড কার্পেটে উপস্থিতির কারণেই বেশি আলোচনায় থাকেন উর্বশী। এবারের কান উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ তার সাহসী ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন, আবার কেউ অতিরঞ্জিত সাজ বলে সমালোচনাও করেছেন। তবে বরাবরের মতোই নিজের উপস্থিতি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন তিনি।
এবারের কান চলচ্চিত্র উৎসবে উর্বশী রাউতেলা ছাড়াও ভারত থেকে অংশ নিচ্ছেন আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, অদিতি রাও হায়দারি, তারা সুতারিয়া, মৌনি রায় এবং নির্মাতা করণ জোহর। এছাড়া পাঞ্জাবি অভিনেতা অ্যামি ভির্ক-এরও এবারের আসরে অংশ নেওয়ার কথা রয়েছে।



