গুগলের অ্যান্ড্রয়েড শোতে নতুন প্রযুক্তির ঘোষণা, আসছে গুগলবুক ল্যাপটপ
গুগলের অ্যান্ড্রয়েড শোতে নতুন প্রযুক্তির ঘোষণা

গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’-এর আগে গতকাল মঙ্গলবার ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও সংস্করণ’ নামে একটি বিশেষ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে গুগলবুক ল্যাপটপসহ অ্যান্ড্রয়েড, জেমিনি এবং বিভিন্ন স্মার্ট যন্ত্রের জন্য একাধিক নতুন প্রযুক্তি ও সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলবুক: নতুন প্রজন্মের ল্যাপটপ

অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত ঘোষণা ছিল ‘গুগলবুক’। এটি মূলত জেমিনি নির্ভর নতুন প্রজন্মের ল্যাপটপ। গুগলবুকের অন্যতম আকর্ষণ ‘ম্যাজিক পয়েন্টার’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মাউস কার্সর। কোনো লেখা, তারিখ বা ছবির ওপর কার্সরটি রাখলেই সেটি প্রাসঙ্গিক কাজের পরামর্শ দেখাবে। উদাহরণস্বরূপ, ই-মেইলে থাকা কোনো তারিখের ওপর কার্সরটি রাখলে স্বয়ংক্রিয়ভাবে সভার সময় নির্ধারণের অপশন দেখা যাবে। গুগলবুক ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাপগুলোও ব্যবহার করা যাবে। এ জন্য অতিরিক্ত কোনো অ্যাপ নামাতে হবে না বা আলাদা নিয়ন্ত্রণের ব্যবস্থারও প্রয়োজন হবে না। তবে ল্যাপটপটির দাম বা বাজারে আসার সম্ভাব্য সময় জানায়নি গুগল।

অ্যান্ড্রয়েড অটোতে নতুন সুবিধা

অ্যান্ড্রয়েড অটো-সমর্থিত গাড়ির ডিসপ্লেতে আবহাওয়া দেখা, গ্যারেজের দরজা খোলা বা দ্রুত ব্যবহারের জন্য কাস্টম উইজেট যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। পাশাপাশি গুগল ম্যাপসে যুক্ত করা হয়েছে উন্নত থ্রি-ডি ডিসপ্লে সিস্টেম, যা চালককে নির্দিষ্ট লেন শনাক্ত করতে সহায়তা করবে। শুধু তা-ই নয়, ইউটিউবের ফুল এইচডি (৬০ ফ্রেম প্রতি সেকেন্ড) ভিডিও দেখার সুবিধাও মিলবে। তবে এসব ভিডিও শুধু গাড়ি পার্ক করা অবস্থায় দেখা যাবে, অর্থাৎ গাড়ি চলতে শুরু করলে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে শুধু অডিও শোনা যাবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড অটোতে জেমিনির সহায়তায় খাবারের ফরমাশ দেওয়ার পাশাপাশি বার্তার প্রেক্ষাপট বুঝে প্রয়োজনীয় তথ্য দেখানোসহ বিভিন্ন কাজ আরও সহজ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেমিনি ইন্টেলিজেন্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘জেমিনি ইন্টেলিজেন্স’ নামের নতুন সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গুগল। সুবিধাটি চালু হলে একই বাক্যে ভাষা পরিবর্তন হলেও সেটি বুঝতে পারবে জেমিনি। ফলে জেমিনির সঙ্গে বর্তমানের তুলনায় আরও স্বাভাবিকভাবে কথা বলা যাবে। প্রথমে সুবিধাটি স্যামসাংয়ের নতুন মডেলের গ্যালাক্সি ও পিক্সেল স্মার্টফোনে যুক্ত হবে। পরে ধাপে ধাপে গাড়ি, স্মার্ট ঘড়ি, ল্যাপটপ ও স্মার্ট চশমাতেও সুবিধা ব্যবহার করা যাবে।

পজ পয়েন্ট

অ্যান্ড্রয়েডে ‘পজ পয়েন্ট’ নামের নতুন সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। সুবিধাটি ফোনে অ্যাপ ব্যবহারের ধরন বুঝে যেসব অ্যাপ বেশি সময় নষ্ট করে, সেগুলো চালুর আগে ১০ সেকেন্ড অপেক্ষা করতে বাধ্য করবে ব্যবহারকারীদের। এর ফলে অতিরিক্ত সময় অ্যাপ ব্যবহারের প্রবণতা কমবে।

আধেয় নির্মাতাদের জন্য নতুন সুবিধা

পিক্সেল ফোনে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ নামের নতুন সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীর মুখের অভিব্যক্তি এবং ফোনের পর্দার দৃশ্য—দুটিই একসঙ্গে ধারণ করা যাবে। ফলে আধেয় (কনটেন্ট) নির্মাতাদের আলাদাভাবে ভিডিও সম্পাদনার ঝামেলা অনেকটাই কমবে।

ক্রোম ব্রাউজারে বাড়ছে জেমিনির ব্যবহার

গুগল ক্রোমের অ্যান্ড্রয়েড সংস্করণেও নতুন জেমিনিভিত্তিক সুবিধা যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে ‘ন্যানো বানানা’ সমর্থন, যার মাধ্যমে ব্রাউজার থেকেই ছবি তৈরি করা যাবে। পাশাপাশি ওয়েবপেজের ওপরের ডান পাশে থাকা জেমিনি আইকনে চাপ দিয়ে পুরো পৃষ্ঠার সারসংক্ষেপও দেখা যাবে। এর ফলে কোনো নিবন্ধ বা বার্তাকে সহজেই আকর্ষণীয় তথ্যচিত্রে রূপ দেওয়া সম্ভব হবে।

সূত্র: ম্যাশেবল