ছয় ব্যতিক্রমী ব্যক্তিকে 'এম-রাইজ হিরো' সম্মাননা দিল আবুল খায়ের গ্রুপ
ছয় ব্যতিক্রমী ব্যক্তিকে এম-রাইজ হিরো সম্মাননা দিল আবুল খায়ের গ্রুপ

নানান চড়াই-উতরাই পেরিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাওয়া ছয় ব্যতিক্রমী ব্যক্তিকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননায় ভূষিত করেছে আবুল খায়ের গ্রুপ।

সম্মাননা প্রদান অনুষ্ঠান

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এম-রাইজ গালা নাইটে’ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের গ্রুপ হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্মানিত ব্যক্তিবর্গ

এম-রাইজের প্রথম আসরে সম্মাননা পেয়েছেন– চট্টগ্রামের জয় বড়ুয়া লাবলু, কক্সবাজারের মো. রোস্তম আলী, ঢাকার মো. আবদুল কাইয়ুম, চট্টগ্রামের মো. রিজওয়ান, কক্সবাজারের মরিয়ম ও প্রসেনজিৎ কুমার সাহা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যেকের অবদান

বিজ্ঞপ্তিতে বলা হয়, জয় বড়ুয়া লাবলু একজন প্রযুক্তি উদ্ভাবক। তিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে অসংখ্য মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছেন। মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশনে’র মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছেন। মো. আবদুল কাইয়ুম একজন প্রাণিসেবক। তিনি পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় দীর্ঘদিন ধরে কাজ করছেন।

এছাড়া মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহায়তা দিচ্ছেন। মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতায় কাজ করে যাচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্মানিতদের অনুভূতি

সম্মাননা পাওয়ার পর আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানিয়ে জয় বড়ুয়া লাবলু বলেন, আমি সবসময় বিশ্বাস করেছি প্রযুক্তি শুধু উদ্ভাবনের জন্য নয়, মানুষের জীবন সহজ ও সুন্দর করার জন্য হওয়া উচিত। মানুষের মুখে হাসি দেখার অনুভূতিই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। এমন উদ্যোগকে স্বাগত জানাই।

মো. রোস্তম আলী বলেন, আমাদের কাজকে মূল্যায়ন করায় এবং সমাজে ভালো কাজের অনুপ্রেরণা তৈরি করায় আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানাই। আমি চাই, দেশের আরও মানুষ মানবিক ও সামাজিক উদ্যোগে এগিয়ে আসুক।

শাকিব খানের বক্তব্য

অনুষ্ঠানে শাকিব খান বলেন, সত্যিকারের হিরোদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি গর্বিত। যারা সমাজের ভেতরে থেকে নীরবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের এই উদ্যোগে স্বীকৃতি পাওয়া শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, পুরো সমাজের জন্য অনুপ্রেরণা। এম-রাইজের মতো প্ল্যাটফর্ম এমন মানুষদের সামনে আনে যারা আলোচনার বাইরে থেকেও বাস্তব পরিবর্তন তৈরি করছেন। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আরও মানবিক কাজ ও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

আবুল খায়ের গ্রুপের বার্তা

শেখ শাবাব আহমেদ বলেন, আবুল খায়ের গ্রুপের যাত্রাটাই আসলে এক ধরনের অনুপ্রেরণার গল্প। একেবারে শূন্য থেকে শুরু করে আজ প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, শুরু থেকেই আবুল খায়ের গ্রুপ সমাজ ও মানুষের উন্নয়নে কাজ করে আসছে। সেই ভাবনা থেকেই এম-রাইজ উদ্যোগের যাত্রা।