বিশ্বনাথে মাজারে ওরসে সংঘর্ষ: স্টেজ ভাঙচুর ও পাল্টা হামলায় উত্তেজনা
সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি মাজারে ওরসের অনুষ্ঠানে উচ্চ সুরে গান বাজনা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। রোববার রাতে রামপামার শ্রীপুরের শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে ওরসের আয়োজন করা হয়। গ্রামবাসীর অভিযোগ, উচ্চ সুরে গান বাজনা ও মাদকের ব্যবহারে বিরক্ত হয়ে তারা স্টেজ ভাঙচুর করে।
পাল্টা হামলায় বাড়িঘর ও মসজিদের ক্ষতি
পরদিন সোমবার সকালে মাজারের ভক্তরা পাল্টা হামলা চালিয়ে গ্রামবাসীর বাড়িঘর ও মসজিদের গ্লাস ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাছা মিয়া, এলাছ মিয়া ও খালেদ মিয়া নামে তিন ব্যক্তি আহত হয়েছেন। তবে মসজিদে হামলা ও গ্লাস ভাঙচুরের বিষয়ে উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে।
গ্রামের বাসিন্দা কাঁচা মিয়া ও নেছার আল মাহমুদ অভিযোগ করেন, "ওরসের নামে মাজারে অশ্লীলতা, উচ্চ সুরে গানবাজনা, অবাধে মাদক সেবন, বিক্রি ও বেহায়াপনার এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে মাজার কর্তৃপক্ষ। গ্রামবাসী বার বার বলার পরও মাজার অনুসারীরা তা মানেনি।"
মাজার কর্তৃপক্ষের বক্তব্য
মাজারের খাদেম দুদু মিয়া বলেন, "তাদের বাড়িঘরে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার হামলা বা ভাঙচুর করা হয়নি। আমার মাজারের ওরসের গানের স্টেজের হামলাকে আড়াল করার জন্য মসজিদে হামলা বা ভাঙচুরের নাটক সাজানো হয়েছে।"
ওসি গাজী মাহবুবুর রহমান জানান, মাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি বলেন, "খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।" স্থানীয় প্রশাসন এখন ঘটনার তদন্তে নেমেছে এবং শান্তি বজায় রাখতে পদক্ষেপ নিচ্ছে।
গ্রামবাসীর দাবি, মাজারে ওরসের দিন মাদকের হাট জমজমাট হয়ে ওঠে, যা এলাকার শান্তি বিঘ্নিত করছে। এই ঘটনা স্থানীয় সম্প্রতি ও ধর্মীয় সহাবস্থানে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।



