ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞায় হাতাহাতি, ময়মনসিংহে দোকানি নিহত
ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞায় হাতাহাতি, দোকানি নিহত

ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞায় হাতাহাতি, ময়মনসিংহে দোকানি নিহত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি টংদোকানের পাশে ক্রিকেট খেলতে নিষেধাজ্ঞা নিয়ে হাতাহাতির ঘটনায় দোকানি নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দোকানির নাম ফখর উদ্দিন (৫৫)। তিনি কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকার মৃত আমছর আলীর ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা যায়, ফখর উদ্দিন নিজ বাড়ির পাশে একটি টংদোকান বসিয়ে চা বিক্রি করতেন। ঈদ উপলক্ষে বাড়ি আসা তরুণদের একটি দল দোকানের পাশে বাঁশঝাড়ে ক্রিকেট খেলা শুরু করে। ক্রিকেট বল বারবার দোকানের চাল ও বেড়ায় আঘাত করছিল। গতকাল সকালে ফখর উদ্দিন খেলতে নিষেধ করেন, যা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। তরুণরা চলে গেলেও বিকেল চারটার দিকে আবার খেলতে আসে।

এ সময় আবার বল দোকানঘরে আঘাত করায় ফখর উদ্দিন খেলা বন্ধ করতে বললে তরুণদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তরুণরা দোকানিকে কিল–ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দোকানির ছেলে ও স্বজনেরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে ফখর উদ্দিনকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেপ্তার

আজ মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির ছেলে জাকিরুল ইসলাম বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় সাত–আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নূর ইসলাম (২২), মো. শাহাদাত হোসেন (২৫), লাইলী বেগম (৪৯), মনোয়ারা খাতুন (৪০), রাবিয়া খাতুন (৪০) ও নূর জাহান (৪৫)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, "দোকানের পাশে ক্রিকেট খেলায় বল এসে দোকানির টিনের চালে পড়ত। সে জন্য খেলতে নিষেধ করায় হাতাহাতি ও কিল–ঘুষিতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুরতহালে বাহ্যিক কোনো আঘাত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

এ ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত টহল জোরদার করেছে বলে জানা গেছে।