দিয়েগো গার্সিয়া হামলার অভিযোগ অস্বীকার করল ইরান, ন্যাটোও সত্যতা নিশ্চিত করতে পারেনি
ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরান এ ঘটনাকে ইসরায়েলের 'ফলস ফ্ল্যাগ অ্যাটাক' বা সাজানো হামলা বলে উড়িয়ে দিয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এই অভিযোগগুলো মূলত পরিকল্পিত 'ভুল তথ্যের' অংশ।
ন্যাটো মহাসচিবের বক্তব্য
এর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুতে জানিয়েছিলেন, হামলায় ইরানের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে, তার সত্যতা নিশ্চিত করতে পারেনি এই সামরিক জোট। গত শুক্রবার দিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা চাউর হয়, যেখানে দাবি করা হয়েছিল ইরান এ হামলা চালিয়েছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে নতুন করে আলোচনা ওঠে, কারণ দ্বীপটি ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত।
ইরানের প্রতিক্রিয়া
এ নিয়ে আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাগাই লিখেছেন, 'এমনকি ন্যাটোর মহাসচিবও ইসরায়েলের এই অতি সাম্প্রতিক ভুল তথ্যকে সমর্থন করতে অস্বীকার করেছেন। অথচ তিনি জোটের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার এবং ইরানের ওপর এই অবৈধ যুদ্ধকে সমর্থন করার জন্য চাপ দেওয়ার বিষয়ে কুখ্যাত। তাঁর এ অবস্থানই অনেক বড় বার্তা দেয় যে বিশ্ব এখন এ ধরনের ভিত্তিহীন 'ফলস ফ্ল্যাগ' বা সাজানো গল্প শুনতে শুনতে ক্লান্ত।'
ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে উদ্বেগ
যদি এ হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে, দেশটির কাছে চার হাজার কিলোমিটার বা এর বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে অনায়াসেই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও আঘাত হানা সম্ভব। চলতি মাসের শুরুর দিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, 'আমরা আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ইচ্ছাকৃতভাবে দুই হাজার কিলোমিটারের নিচে সীমাবদ্ধ রেখেছি। কারণ, আমরা চাই না, বিশ্বের কেউ আমাদের হুমকি মনে করুক।'
যুক্তরাজ্যের প্রতিক্রিয়া
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি সোমবার জানান, দিয়েগো গার্সিয়ার অভিমুখে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে হিলি বলেন, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর অনেক আগেই আছড়ে পড়ে এবং অন্যটিকে লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়। তিনি এ হামলার তীব্র নিন্দা জানান এবং ইরানকে 'উত্তেজনা প্রশমনের' আহ্বান জানান। জন হিলি আরও বলেন, 'কোনো ক্ষেপণাস্ত্রই দিয়েগো গার্সিয়ার কাছাকাছি পৌঁছাতে পারেনি। এ জন্য যুক্তরাজ্যের পক্ষ থেকে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়নি এবং সেখানে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।'
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান
রোববার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুতে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকে সমর্থন করেন। এ যুদ্ধকে 'প্রয়োজনীয়' উল্লেখ করে তিনি সাধারণ মানুষের সমর্থনও কামনা করেন। রুতে বলেন, 'আমি জনমত জরিপগুলো দেখেছি। তবু আমি সত্যিই আশা করি, আমেরিকানরা ট্রাম্পের পাশে থাকবেন। কারণ, তিনি পুরো বিশ্বকে নিরাপদ করার লক্ষ্যেই এই কাজ করছেন।' ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল জামির দাবি করেছেন, এই যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরান 'দুই স্তরের একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ব্যবহার করেছে, যার পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার।
দিয়েগো গার্সিয়ার গুরুত্ব
দিয়েগো গার্সিয়া বিশ্বজুড়ে মার্কিন শক্তি প্রদর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি লজিস্টিক ও হামলার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এ ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান ও নজরদারি বিমানগুলো রাখা হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের এই যৌথ সামরিক ঘাঁটিতে প্রায় ২ হাজার ৫০০ কর্মী রয়েছেন, যাঁদের অধিকাংশই মার্কিন নাগরিক। ভিয়েতনাম থেকে শুরু করে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলায় ঘাঁটিটি নিয়মিত মার্কিন বাহিনীকে সহায়তা দিয়ে আসছে।
বিশ্লেষকদের মতামত
ব্রাসেলসভিত্তিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেন, এ হামলা গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের বিপরীতে ইরানের পাল্টা জবাবের গভীরতা প্রকাশ করে। এলিজা আল-জাজিরাকে বলেন, 'যুদ্ধক্ষেত্র ভৌগোলিকভাবে বিস্তৃত হচ্ছে। আর এমনটা ঘটলে উত্তেজনার নিয়ন্ত্রণ, যা যুক্তরাষ্ট্র চায়, তা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। কারণ, নতুন স্থাপনা, নতুন অবস্থান এখন ঝুঁকিতে পড়ছে।' প্রযুক্তিগতভাবে এ হামলায় লক্ষ্যভেদ হয়েছে কি না, তার চেয়েও রাজনৈতিকভাবে দিয়েগো গার্সিয়াকে হামলার সীমার মধ্যে দেখানোর বিষয়টিই এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



