টিকটক ভিডিও বানাতে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে রাকিবুল ইসলাম খুন
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আর এ কাজে খুলনা থেকে ভাড়াটে খুনি ভাড়া করে আনা হয়েছে বলেও পুলিশের বক্তব্য।
পুলিশের সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এই তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাম রসুল শিহাব (২১), রাফিন শেখ (২০), শাহারিয়ার নাজিম জয় (২০), সাগর ফকির (২৬) ও সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮)।
ঘটনার বিস্তারিত বিবরণ
ডিএমপি জানায়, ১৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম দিকে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম তাঁর মোটরসাইকেলটি থামান। এর পরপরই অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয় যুবক তাঁর ওপর হামলা চালান। তাঁরা পিস্তল দিয়ে পেছন থেকে একাধিক গুলি করেন। এরপর রাকিবুল রক্তাক্ত অবস্থায় নিচে লুটিয়ে পড়লে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।
হত্যার পেছনের কারণ ও তদন্ত
মামলার অনুসন্ধানে পাওয়া তথ্য থেকে পুলিশ বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও কনটেন্ট বানাতেন রাকিব। তাঁর সঙ্গে জান্নাত মুন নামের এক তরুণীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক হয়েছে—এমন সন্দেহ থেকে মুনের স্বামী ‘সাজিদের পরিকল্পনাতেই’ এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এ হত্যাকাণ্ডে অংশ নেওয়া সবাই ‘ভাড়াটে খুনি’।
১৫ মার্চ রাতে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত জনতার সহায়তায় গোলাম রসুল শিহাবকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যমতে, গত সোমবার খুলনার লবণচরা থেকে রাফিন শেখ ও শাহারিয়ার নাজিমকে গ্রেপ্তার করে। এরপর গত মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকা থেকে সাগর ফকিরকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ।
সিটিটিসির অভিযান ও গ্রেপ্তার
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে সিটিটিসির একটি দল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে সালাহউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সালাহউদ্দিন সাগর ওরফে সাকা খুলনা জেলার শীর্ষ সন্ত্রাসী ও ভাড়াটে খুনিদের মূল হোতা। তাঁর নেতৃত্বে বেশ কয়েকজন ভাড়াটে খুনি কাজ করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



