তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগী আবারও রিমান্ডে
তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগী আবারও রিমান্ডে

রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগীকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় ১ মে থেকে আসামিরা মোট সাত দিন রিমান্ডে ছিলেন। এর আগে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাঁদের মোট ১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তারিক আহমেদ সিদ্দিকের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাঁদের ভূমিকা এবং অস্ত্র ও অর্থের জোগানদাতা হিসেবে নেপথ্যে থাকা ব্যক্তিদের তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকার রূপায়ণ টাওয়ারের সামনের রাস্তায় সরকারবিরোধী মিছিল ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় পুলিশ অভিযান চালায়। ওই ঘটনায় মাদারীপুরের একটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় রমনা মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। তদন্তের একপর্যায়ে এ দুই আসামির সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।