মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার বিশ্বকাপ ফুটবলেও পড়েছে। ২০২৬ বিশ্বকাপে ইরান অংশ নিতে নাও পারে—এমন গুঞ্জনের পর তাদের পরিবর্তে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্ব থেকে বাদ পড়া ইতালিকে সুযোগ দেওয়ার আলোচনা শুরু হয়। তবে এভাবে বিশ্বকাপে খেলার সুযোগ নেওয়াকে ‘অনুচিত’ বলে মন্তব্য করেছেন ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি। পরবর্তীতে বিষয়টি নিয়ে ওঠা আলোচনা আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেওয়া হয়েছে।
যদিও এরমধ্যে বুধবার (২২ এপ্রিল) ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক বিবৃতিতে পরিষ্কার করে জানান, ইতোমধ্যেই ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেছে। অর্থাৎ ইরান খেলার জন্য শতভাগ প্রস্তুত।
বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত প্রস্তাব করেছেন—টানা তৃতীয়বারের মতো কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া ইতালিকে ইরানের বদলে বিশ্বকাপে জায়গা দেওয়া উচিত। তিনি এই প্রস্তাবটি সরাসরি ট্রাম্প এবং ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোকে দিয়েছেন।
জাম্পোলির এই প্রস্তাবের বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি এ প্রস্তাবকে নাকচ করে বলেছেন, ‘এটি একদমই অনুচিত... যোগ্যতা অর্জন করতে হয় খেলার মাঠে।’ ইতালির অর্থনীতি মন্ত্রী জানকার্লো জিওরজেত্তি বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন।



