কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পৌর এলাকায় এবং দুপুরে বামনডাঙা ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা

মৃত দুজন হলেন– নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত এবং উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। নিজ নিজ বাড়িতে সংযোগ দেওয়ার চেষ্টা করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

বিদ্যুৎ বিশেষজ্ঞদের সতর্কতা

বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন, টেকনিশিয়ান ছাড়া বিদ্যুৎ সংযোগের কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাড়িতে জরুরি সাধারণ সংযোগ কাজ করতে গেলে অন্ততপক্ষে মেইন সুইচ বন্ধ করে করা উচিত। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

নিহতদের পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারি সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বেলা ১২টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার বাসিন্দা সাবু মিয়া নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠানে স্পিকারবক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ব্যবস্থা

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘ঘটনা জানার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ