হাজীগঞ্জে বাসে হামলা, চলাচল বন্ধের ঘোষণা শ্রমিকদের
হাজীগঞ্জে বাসে হামলা, চলাচল বন্ধের ঘোষণা

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার বিবরণ

পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদের ১৫টি বাস ভাঙচুর করেছে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ১২ জন সেখানে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।

শ্রমিকদের অবস্থান

চিকিৎসাধীন শ্রমিক ও বোগদাদ পরিবহনের সুপারভাইজাররা জানান, স্কুল মাঠে পার্কিং করে রাখা বাসগুলোতে শ্রমিকরা অবস্থান করছিলেন। রাতে হঠাৎ একদল লোক এসে শ্রমিকদের মারধর শুরু করে এবং একের পর এক গাড়ি ভাঙচুর করে। এই ঘটনার পর থেকে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় ও পুলিশের বক্তব্য

বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী জানান, অন্ধকারে হঠাৎ করেই ঘটনাটি ঘটে যাওয়ায় হামলাকারীদের তাৎক্ষণিকভাবে চেনা যায়নি। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ