প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মন্ত্রীর মিডিয়া সেল’-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মরদেহ ফেরাতে দূতাবাসের মাধ্যমে ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাতে বলা হয়, কাতারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আরিফুল হক চৌধুরী এক শোকবার্তায় বলেন, ‘দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’ এ সময় তিনি নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনার বিবরণ
রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবক নিহত হন। দুপুর ১২টার দিকে স্বজনেরা ওই খবর জানতে পারেন। কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল লতিফ প্রথম আলোকে নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানিয়েছেন।
নিহতদের পরিচয়
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কাতারে নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।
দুর্ঘটনার কারণ
নিহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, ওই পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান। তাঁদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



