প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নতুন প্রবাসী কার্ড চালু হলে বিএমটি কার্ড আর থাকবে না। মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এক কার্ডেই সব সুবিধা
মন্ত্রী বলেন, “এত কার্ড দিয়ে কী করবে, একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।” তিনি আরও জানান, নতুন কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। একটি নির্দিষ্ট সেলে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যক্তিকে এই কার্ড দেওয়া হবে।
কে পাবেন এই কার্ড?
মন্ত্রণালয় জানায়, শুধু রেমিট্যান্স যোদ্ধা নয়, বরং ইউরোপ, ল্যাটিন আমেরিকা বা বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত প্রবাসীরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
সুবিধা কী কী?
মন্ত্রী জানান, কার্ডের মাধ্যমে কী কী সুবিধা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য সুবিধার মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় সুবিধা, সহজে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ বেনিফিট, ব্যাংক পেমেন্ট গেটওয়ে সুবিধা এবং ডিজিটাল পরিচয়পত্রের সঙ্গে ট্র্যাকিং ব্যবস্থা।
ভূমি সংক্রান্ত সেবা পাওয়ার জন্যও এই কার্ড ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। মন্ত্রী বলেন, “কোনো প্রবাসী এই কার্ড দেখালে তাকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যাসিলিটি দেওয়া হবে। হাসপাতালে গেলেও আলাদা প্রায়োরিটি থাকবে— এসব জায়গায় আমরা পরিবর্তন আনতে চাচ্ছি।”
ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক ও মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।



