বাংলাদেশি বংশোদ্ভূত জ্যোতির্পদার্থবিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা সায়েন্টিফিক আমেরিকানের তালিকায়
বাংলাদেশি জ্যোতির্পদার্থবিজ্ঞানী সায়েন্টিফিক আমেরিকানের তালিকায়

যুক্তরাষ্ট্রের সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনের প্রথম ‘ইয়াং আমেরিকান সায়েন্টিস্টস’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জ্যোতির্পদার্থবিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা। এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এমন সব তরুণ গবেষককে, যারা কর্মজীবনের শুরুতেই বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন এবং ভবিষ্যতে নিজেদের ক্ষেত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারেন।

গবেষক নির্বাচনের প্রক্রিয়া

এই বিজ্ঞানীদের খুঁজে বের করতে বিশ্বের শত শত খ্যাতিমান গবেষকের মতামত নেওয়া হয়। তাঁদের জিজ্ঞাসা করা হয়, আগামী দিনের বিজ্ঞানের নেতৃত্ব কারা দেবেন, কারা নতুন ধারণা নিয়ে কাজ করছেন এবং যুগান্তকারী আবিষ্কার করে আগামী কয়েক দশকের বৈজ্ঞানিক অগ্রগতিকে প্রভাবিত করতে পারেন। এসব প্রশ্নের উত্তর থেকেই তৈরি হয়েছে এই তালিকা, যেখানে স্থান পেয়েছেন বিশ্বের মোট ২৮ জন তরুণ গবেষক।

মনোনীত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, শিল্পপ্রতিষ্ঠান বা অলাভজনক সংস্থায় কাজ করতে পারেন। কেউ মৌলিক গবেষণায়, কেউ নতুন প্রযুক্তি বা পণ্য উন্নয়নে যুক্ত। তবে সবার মধ্যে মিল রয়েছে—তারা গুরুত্বপূর্ণ বিজ্ঞানচর্চার সঙ্গে জড়িত। এই ২৮ জন গবেষকের সবাই নিজেদের কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে আছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে গবেষণা করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মহাবিশ্বের রহস্য সমাধানে অনন্যা

মহাবিশ্বের অজানা রহস্যের সমাধান খুঁজছেন তনিমা তাসনিম অনন্যা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। পিএইচডি করেছেন ইয়েল ইউনিভার্সিটিতে। তাঁর গবেষণার মূল বিষয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোল বা অতিভারী কৃষ্ণগহ্বর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজ্ঞানী হওয়ার পথে অনুপ্রেরণা

তনিমা তাসনিম অনন্যার বিজ্ঞানী হয়ে ওঠার গল্পটি বেশ মজার। তাঁর বয়স তখন পাঁচ বা ছয় বছর। বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠছিলেন তিনি। তাঁর মা গৃহিণী। একদিন খবরের কাগজে মঙ্গল গ্রহে অবতরণ করা একটি মহাকাশযানের খবর পড়ে তাঁর মা খুব উত্তেজিত হয়ে সেটি নিয়ে আলোচনা করছিলেন। সেটি ছিল মার্স পাথফাইন্ডার মিশনের সাফল্যের খবর।

মায়ের সেই উচ্ছ্বাস ছোট্ট তাসনিমের মনেও কৌতূহল তৈরি করে। তিনি প্রথমবারের মতো উপলব্ধি করেন, পৃথিবীর বাইরেও অসংখ্য জগৎ রয়েছে। আমাদের গ্রহটি মহাবিশ্বের তুলনায় কত ক্ষুদ্র, সেটাও তাঁর মনে গভীরভাবে নাড়া দেয়। তখনই তিনি ভাবতে শুরু করেন, পৃথিবীর বাইরে নিশ্চয়ই আরও অনেক বিস্ময়কর ঘটনা ঘটছে। সেই কৌতূহলই আজ তাঁকে নিয়ে এসেছে কৃষ্ণগহ্বর গবেষণার জগতে।

অনন্যা সায়েন্টিফিক আমেরিকানকে বলেন, ‘ঢাকায় বড় হওয়ার সময় লোডশেডিংয়ের সময়গুলোই ছিল তারার দিকে তাকানোর সবচেয়ে ভালো সুযোগ। তখন প্রতিবেশীদের দেখতে পাওয়া যায়, আকাশ দেখতে পাওয়া যায়। আর এভাবেই আকাশের প্রতি মানুষের মুগ্ধতা তৈরি হয়।’

গবেষণার মূল বিষয়

আমাদের ছায়াপথ মিল্কিওয়ের কেন্দ্রে আছে একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোল, যার নাম স্যাজিটেরিয়াস এ*। সূর্যের চেয়ে কয়েক মিলিয়ন গুণ বেশি ভরবিশিষ্ট এই কৃষ্ণগহ্বর বর্তমানে তুলনামূলকভাবে শান্ত। তবে বিজ্ঞানীরা যখন গামা রশ্মি ও এক্সরে পর্যবেক্ষণ করেন, তখন দেখা যায়, ছায়াপথের কেন্দ্র থেকে বিশাল বিশাল বুদবুদের মতো কাঠামো ওপরে ও নিচের দিকে ছড়িয়ে রয়েছে। এসব কাঠামো ইঙ্গিত দেয়, অতীতে এই কৃষ্ণগহ্বর অনেক সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও এটি আবার সক্রিয় হয়ে উঠতে পারে।

এই বিশাল শক্তির প্রভাব শুধু কৃষ্ণগহ্বরের আশপাশেই সীমাবদ্ধ থাকে না, এটি পুরো ছায়াপথের ওপর প্রভাব ফেলতে পারে। এটিই অনন্যার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন—সুপারম্যাসিভ ব্ল্যাকহোল কীভাবে ছায়াপথকে প্রভাবিত করে?

যেসব সুপারম্যাসিভ ব্ল্যাকহোল সবচেয়ে দ্রুতগতিতে পদার্থ গ্রাস করে, সেগুলো সৃষ্টি করে অ্যাকটিভ গ্যালাকটিক নিউক্লিয়াস বা এজিএন। ছায়াপথের কেন্দ্রে থাকা এই শক্তিশালী অঞ্চলগুলোকে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বোঝার চেষ্টা করছেন। কারণ, এগুলো একদিকে নতুন নক্ষত্র ও গ্যালাক্সির বিকাশে ভূমিকা রাখে, অন্যদিকে ধ্বংসাত্মক প্রভাবও ফেলতে পারে।

অনেক সময় এগুলোকে ঘিরে থাকে গ্যাস ও ধূলিকণার বিশাল বলয়, যাকে বলা হয় টোরাস। এই টোরাস অনেকটা পর্দার মতো কাজ করে, ফলে ব্ল্যাকহোলের কেন্দ্রীয় অংশ সরাসরি দেখা কঠিন হয়ে যায়।

জটিল সমস্যার সমাধান

জটিল এই সমস্যার সমাধান খুঁজতে কাজ করছেন অনন্যা। তিনি দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি এবং এক্সরে পর্যবেক্ষণ একসঙ্গে বিশ্লেষণ করে এজিএনের বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করছেন। তাঁর গবেষণা থেকে পাওয়া গুরুত্বপূর্ণ একটি ধারণা হলো, যে টোরাস ব্ল্যাকহোলকে আড়াল করে রাখে, সেটিই আবার ব্ল্যাকহোলের আচরণ বোঝার একটি কার্যকর সূত্র হতে পারে।

অনন্যার গবেষণায় আরও দেখা গেছে, অ্যাক্রিশন ডিস্ক থেকে নির্গত বিকিরণই সম্ভবত টোরাসের আকার ও অবস্থান নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ব্ল্যাকহোলের কেন্দ্র এবং তাকে ঘিরে থাকা গ্যাস-ধূলার বলয়ের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সুপারম্যাসিভ ব্ল্যাকহোল সম্পর্কে কথা বলতে গিয়ে সায়েন্টিফিক আমেরিকানকে অনন্যা বলেন, ‘এগুলো সত্যিই দানবাকার। যে ছায়াপথে এরা অবস্থান করে, সেই ছায়াপথের বিকাশে এদের বড় প্রভাব রয়েছে। মনে হয় ব্ল্যাকহোল এবং ছায়াপথ একসঙ্গে বিবর্তিত হয়। কিন্তু এদের এই সম্পর্কের অনেক দিক এখনো রহস্যে ঘেরা।’

তরুণ এই বিজ্ঞানীদের হাত ধরেই হয়তো তৈরি হবে আগামী দিনের বড় আবিষ্কার, নতুন চিকিৎসা, উন্নত প্রযুক্তি কিংবা মহাবিশ্ব সম্পর্কে আরও গভীর বোঝাপড়া। এ কারণেই তাঁদের বলা হচ্ছে আগামীর বড় বিজ্ঞানী।