সমুদ্রের গভীর রহস্য: মহাকাশের চেয়েও অজানা সমুদ্রতলের অমীমাংসিত ধাঁধা
সমুদ্র ও তার তলদেশের রহস্য আজও মানবজাতির কাছে এক গভীর ধাঁধা হিসেবে রয়ে গেছে। বলা হয়, আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি, তার চেয়েও কম জানি সমুদ্রের গভীরতা সম্পর্কে। এর প্রধান কারণ হলো সমুদ্রের গভীরতায় বিশাল জলচাপ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা, যা অনুসন্ধানকে কঠিন করে তোলে। বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও এমন কিছু রহস্য আছে, যেগুলোর উত্তর আজও বিজ্ঞানীদের কাছে অজানা। এই লেখায় আমরা সেই অমীমাংসিত রহস্যগুলো সংক্ষেপে জানার চেষ্টা করব।
১. পৃথিবীর বিপুল পানির উৎস: কোথা থেকে এল এত পানি?
পৃথিবীর প্রায় ৭০ শতাংশই পানি দ্বারা আবৃত, কিন্তু এই বিপুল পরিমাণ পানির উৎস নিয়ে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন। কিছু বিজ্ঞানীর ধারণা, পৃথিবী গঠনের সময় থেকেই এই পানি বিদ্যমান ছিল। অন্যদিকে, অনেক গবেষকের মতে, পৃথিবী সৃষ্টির অনেক পরে আছড়ে পড়া গ্রহাণু ও ধূমকেতুগুলো এই পানি বয়ে এনেছে। এই রহস্যের সঠিক উত্তর খুঁজতে গবেষকরা এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২. ওর্কাদের হাঙর শিকার: কেন এমন অদ্ভুত আচরণ?
২০১৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকার উপকূলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে চলেছে। সেখানে গ্রেট হোয়াইট শার্ক বা বড় হাঙরদের মৃতদেশ পাওয়া যাচ্ছে, যাদের প্রায় প্রতিটিরই লিভার নিখোঁজ। গবেষকেরা লক্ষ করেছেন, দুটি পুরুষ ওর্কা এই কাণ্ড ঘটাচ্ছে। ওর্কারা হাঙরকে উল্টো করে ফেললে হাঙর ট্রান্স বা একধরনের সম্মোহিত অবস্থায় চলে যায় এবং সাময়িকভাবে স্থির হয়ে থাকে। এরপর ওর্কারা নিখুঁতভাবে হাঙরের লিভার বের করে খেয়ে ফেলে। কিন্তু ওর্কারা কেন হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ শুরু করেছে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
৩. ইয়োনাগুনি মনুমেন্ট: মানুষের তৈরি নাকি প্রাকৃতিক গঠন?
জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে সমুদ্রের তলদেশে এক অদ্ভুত পাথরের স্থাপনা পাওয়া গেছে, যা ইয়োনাগুনি মনুমেন্ট নামে পরিচিত। এটি দেখলে মনে হয়, বহু পুরোনো কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। কিছু বিজ্ঞানী মনে করেন, এটি মানুষেরই তৈরি। আবার অনেকেই মনে করেন, এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট শিলার এক অনন্য গঠন। এই রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে।
৪. সমুদ্রের অদ্ভুত শব্দ: কোথা থেকে আসে এই রহস্যময় ধ্বনিগুলো?
সমুদ্রের তলদেশে বিভিন্ন অদ্ভুত শব্দ রেকর্ড করা হয়। যেমন নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখান থেকে আসা অনবরত বাড়তে থাকা একধরনের সুর, কিংবা কানাডার উত্তরাঞ্চলের সমুদ্রের এক রহস্যময় শব্দ, যার নাম দেওয়া হয়েছে দ্য পিং। এ ছাড়া ১৯৯৭ সালে রেকর্ড হওয়া এক ভীষণ জোরালো শব্দ অনেক দিন ধরেই রহস্য হয়ে ছিল, যার নাম দ্য ব্লুপ। তবে পরে গবেষণায় জানা গেছে, এটি মূলত বিশাল বরফখণ্ড ভাঙার শব্দ হতে পারে।
৫. সমুদ্রতলের গঠন: আসলে কী আছে সেখানে?
সমুদ্রের তলদেশে ঠিক কী আছে বা এর গঠন কেমন, তা আজও আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। স্যাটেলাইটের তথ্য থেকে সমুদ্রের সাধারণ একটি মানচিত্র বা ধারণা পাওয়া গেলেও এখন পর্যন্ত সমুদ্রতলের অর্ধেকেরও কম অংশের উচ্চ-রেজ্যুলেশনের নিখুঁত মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে। সম্পূর্ণ মানচিত্র তৈরি করা গেলে তা সমুদ্রের স্রোত, জলবায়ু পরিবর্তন, ভূপৃষ্ঠের ইতিহাস, এমনকি ভূতাত্ত্বিক তথ্য জানতে বড় ভূমিকা রাখতে পারে।
৬. প্লাস্টিকের গন্তব্য: কোথায় যায় সমুদ্রের প্লাস্টিক?
প্রতিবছর প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে গিয়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা জানি এর মাত্র একটি ক্ষুদ্র অংশই সমুদ্রপৃষ্ঠে ভেসে বেড়াচ্ছে। তাহলে বাকি প্লাস্টিক কোথায় যাচ্ছে? এই প্রশ্নের এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। কিছু প্লাস্টিক খুব দ্রুত ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে সামুদ্রিক প্রাণীদের শরীরে প্রবেশ করছে ঠিকই, কিন্তু বিশাল বড় একটি অংশ কোথায় তলিয়ে যাচ্ছে, তা এখনো অজানা।
৭. বায়োলুমিনেসেন্স: কেন কিছু প্রাণী আলো ছড়ায়?
সমুদ্রের গভীরে অনেক প্রাণী নিজেদের শরীর থেকে আলো তৈরি করতে পারে, এই ক্ষমতাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। সাধারণত সঙ্গী খুঁজতে, শিকারকে আকৃষ্ট করতে বা শত্রুকে বিভ্রান্ত করতে এরা এই আলো ব্যবহার করে। গভীর সমুদ্রের প্রায় ৯০ শতাংশ প্রাণীই এই আলো তৈরির ক্ষমতা রাখে। কিন্তু কেন তারা এই বিশেষ ক্ষমতা পেল, বিজ্ঞান এখনো সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি।
এই রহস্যগুলো সমুদ্রের গভীরতা সম্পর্কে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা তুলে ধরে। বিজ্ঞানীরা আশা করেন, ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির মাধ্যমে এই ধাঁধাগুলোর সমাধান সম্ভব হবে।



