যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ, পাকিস্তানের মধ্যস্থতায় ২১ ঘণ্টার বৈঠকেও অগ্রগতি নেই
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ, পাকিস্তানের মধ্যস্থতায় অগ্রগতি নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ, পাকিস্তানের মধ্যস্থতায় ২১ ঘণ্টার বৈঠকেও অগ্রগতি নেই

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। দীর্ঘ ২১ ঘণ্টার টানা বৈঠক, নানা প্রস্তাব ও পাল্টাপাল্টি অভিযোগের পরও দুই পক্ষের অবস্থান অপরিবর্তিত থাকায় আশা জাগানো এই আলোচনা ভেস্তে যায়। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়ায় সরাসরি আলোচনায় বসে দুই দেশ, কিন্তু চূড়ান্ত কোনো অগ্রগতি না হওয়ায় প্রতিনিধিরা ইসলামাবাদ ছেড়ে চলে যান।

ইরানের অভিযোগ: যুক্তরাষ্ট্রের 'অযৌক্তিক দাবি'ই মূল বাধা

ইরানের রাষ্ট্রীয় ও ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের দাবি, আলোচনায় অগ্রগতি না হওয়ার মূল কারণ যুক্তরাষ্ট্রের 'কঠোর ও অযৌক্তিক' অবস্থান। তেহরানের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের কিছু দাবি এমন পর্যায়ের ছিল, যা শুধু আলোচনায় নয়, যুদ্ধের ময়দানেও অর্জন করা সম্ভব হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মার্কিন পক্ষ এমন কিছু শর্ত দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন, 'শুরু থেকেই আমাদের এমন আশা করা উচিত ছিল না যে একটি বৈঠকেই সমঝোতা হয়ে যাবে। কারও মনে এমন কোনো প্রত্যাশা ছিলও না।' তাঁর মতে, আলোচনাটি ছিল একটি দীর্ঘ প্রক্রিয়ার সূচনা মাত্র। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান এবং ইরানের অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচনার পটভূমি ও উত্তেজনাকর পরিস্থিতি

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাতে থাকে, ফলে পুরো অঞ্চলে যুদ্ধ শুরু হয়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা দেয় বৈশ্বিক জ্বালানি বাজারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমন উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনের উদ্যোগ হিসেবে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়। দুই পক্ষের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগের পর ইসলামাবাদে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠকের আয়োজন করা হয়। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠককে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সবচেয়ে উচ্চপর্যায়ের আলোচনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট, ইরানের পক্ষে স্পিকার

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ইরানের পক্ষ নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গত শুক্রবার ইসলামাবাদে পৌঁছানোর পর তাঁদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারছবি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করেন ইরানের প্রতিনিধিদলের প্রধান গালিবাফ। তবে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র এক বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব—এমন প্রত্যাশা কারও ছিল না।

ভবিষ্যৎ সম্ভাবনা ও কারিগরি পর্যায়ের আলোচনা

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আলোচনার পর এক্সে দেওয়া বিবৃতিতে ইরান জানিয়েছে, এখন উচ্চপর্যায়ের আলোচনা থেকে বিষয়টি কারিগরি পর্যায়ে চলে গেছে। সেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান।

তবে ইরানি কিছু সূত্র বলছে, পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে যাওয়ার জন্য কার্যত 'অজুহাত' খুঁজছিল। হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা–সংক্রান্ত বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ছিল 'অতিমাত্রায় উচ্চাভিলাষী', যা তেহরান মেনে নেয়নি।

সামগ্রিকভাবে, পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই শান্তি প্রক্রিয়া এখনো অসমাপ্ত রয়ে গেছে। যদিও ইরান কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার কথা বলছে, তবুও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সমঝোতা অর্জনের পথে এখনো অনেক চ্যালেঞ্জ বিদ্যমান।