মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত: বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির উপর প্রভাব
ইরান-ইসরায়েল সংঘাত: বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির প্রভাব

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত: একটি গভীর বিশ্লেষণ

মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতির অন্যতম অস্থির অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলে ধর্মীয় বিভাজন, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ সংঘাতকে একটি স্থায়ী বাস্তবতায় পরিণত করেছে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ এবং সংঘাতের নতুন পর্ব দেখা যাচ্ছে, যা শুধু দুই দেশের মধ্যকার বিরোধ নয়; বরং পুরো মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতিহাস ও আদর্শিক দ্বন্দ্বের শিকড়

ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব মূলত আদর্শিক, রাজনৈতিক ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার ফল। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম দিকে ইরান আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল, যখন ইরানের রাজতান্ত্রিক সরকার পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ ছিল। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর পরিস্থিতি সম্পূর্ণ পালটে যায়। ইরানে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে প্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্র ইসরায়েলকে 'অবৈধ রাষ্ট্র' হিসেবে ঘোষণা করে এবং ফিলিস্তিনি আন্দোলন ও ইসরায়েলবিরোধী গোষ্ঠীগুলোর সমর্থন করতে শুরু করে। অন্যদিকে, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে, যা পারস্পরিক অবিশ্বাস ও সংঘাতকে ক্রমেই তীব্রতর করেছে।

আঞ্চলিক ও বৈশ্বিক সম্পৃক্ততা

এই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে দুই শিবিরে বিভক্ত করেছে। একদিকে রয়েছে ইরান ও তার মিত্র শক্তি, যেমন সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের কিছু শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি। অন্যদিকে রয়েছে ইসরায়েল এবং তার সঙ্গে সম্পর্ক উন্নয়নকারী আরব রাষ্ট্রসমূহ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, জর্দান, কাতার, বাহরাইন ও সৌদি আরব। এই বিভাজনকে অনেক বিশ্লেষক 'মধ্যপ্রাচ্যের ঠান্ডা যুদ্ধ' বলে অভিহিত করেন।

আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকাও এই সংঘাতে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে, ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক দীর্ঘদিন ধরে বৈরী। রাশিয়া ও চীন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভিন্ন ধরনের অবস্থান নিয়েছে; রাশিয়া সিরিয়ায় সামরিক উপস্থিতির মাধ্যমে প্রভাব বজায় রাখতে চায়, আর চীন মূলত অর্থনৈতিক স্বার্থের কারণে পরোক্ষ ভূমিকা রাখছে।

মানবিক ও অর্থনৈতিক প্রভাব

ইরান-ইসরায়েল সংঘাতের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল, এবং সামরিক উত্তেজনা বাড়লেই তেলের দাম দ্রুত বৃদ্ধি পায়। এই অর্থনৈতিক প্রভাব সবচেয়ে বেশি পড়ে উন্নয়নশীল দেশগুলোর ওপর, যেমন বাংলাদেশ, যারা জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তেলের দাম বৃদ্ধি পেলে তাদের আমদানি ব্যয় বেড়ে যায়, ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি হয় এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে থাকে।

যুদ্ধের সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ। সাম্প্রতিক সংঘাতে ইরানে নিহত হয়েছে ১ হাজার ৫৪৪ জন এবং আহত প্রায় ১৮ হাজার ৫৫১ জন, যেখানে ইসরায়েলে নিহত অন্তত ১৭ জন বেসামরিক ও দুই জন সৈন্য। আহতের সংখ্যা প্রায় ২ হাজার ১৯৭৫ জনের বেশি। মার্কিন বাহিনীরও প্রায় ১৪ জন সেনা নিহত হয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ৪ হাজার থেকে ৫ হাজার ইরানি সামরিক সদস্য নিহত, ১৯০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস, এবং প্রায় ৩১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত। জাতিসংঘের রিফিউজি এজেন্সি ইউএনএইচসিআর জানিয়েছে যে ইতিমধ্যে ৩২ লাখ ইরানিকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে।

শান্তির পথ ও সমাধান

এই সংঘাতের সমাধান যুদ্ধের মাধ্যমে সম্ভব নয়; বরং কূটনৈতিক আলোচনাই একমাত্র কার্যকর পথ। প্রথমত, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে বিরোধের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে একটি সমন্বিত নিরাপত্তাকাঠামো গড়ে তোলা জরুরি, যেখানে সব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তৃতীয়ত, ফিলিস্তিন সমস্যার ন্যায্য সমাধান ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কঠিন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের উচিত সংঘাত নিরসনে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া।

ইরান-ইসরায়েল সংঘাত কেবল দুই দেশের মধ্যকার বিরোধ নয়; এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক সংকট, যা বিশ্ব রাজনীতিকে নতুন করে বিভক্ত করছে এবং অর্থনৈতিক প্রভাব বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলছে। বিশ্ব যদি সত্যিই শান্তি চায়, তাহলে তাকে যুদ্ধের রাজনীতি থেকে বেরিয়ে এসে পারস্পরিক সম্মান ও ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা শুধু ঐ অঞ্চলের মানুষের জন্য নয়; বরং পুরো বিশ্বের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অপরিহার্য।