রমজানে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা জারি
রমজানে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা জারি

সৌদি আরব কর্তৃপক্ষ চলতি রমজান মাসে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে। রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্থা এবং স্বাস্থ্য–নিরাপত্তা সংক্রান্ত বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহন ব্যবস্থা

কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই মুসল্লিদের নির্ধারিত পথ, সাইনবোর্ড এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে, যেখানে সবুজ মানে জায়গা খালি এবং লাল মানে পূর্ণ।

যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি এবং হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল এবং অনুমোদনহীন যানবাহন নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষ সুবিধা ও নিষেধাজ্ঞা

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, পর্যাপ্ত বিশ্রাম নেয়া, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি এবং চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপ রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।