ইরানের কারাগারে বন্দি শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ী এই মানবাধিকারকর্মীর ফাউন্ডেশন গতকাল শুক্রবার জানায়, কারাগারে নার্গিস মোহাম্মদি দুবার জ্ঞান হারান। তিনি গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হয়।
জানজান কারাগারে ঘটনা
নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানায়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজানে কারাগারে ছিলেন নার্গিস। সেখানেই তিনি দুবার জ্ঞান হারান। তাঁর আইনজীবীদের মতে, নার্গিস মোহাম্মদি গত মার্চের শেষের দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর কয়েক দিন পর আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করেন। তখন নার্গিসকে বেশ ফ্যাকাশে ও শীর্ণ দেখাচ্ছিল। একজন নার্সের সহায়তা নিয়ে হাঁটছিলেন তিনি।
সর্বশেষ গ্রেপ্তার ও সাজা
নার্গিসের বয়স ৫৩ বছর। সর্বশেষ দফায় গত ১২ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তখন ইরানের পূর্বাঞ্চলের মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নিয়েছিলেন নার্গিস। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ফেব্রুয়ারিতে কারাবন্দী নার্গিসকে সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড দেওয়া হয়। নার্গিসের আইনজীবী জানিয়েছেন, অপরাধ করার উদ্দেশ্যে সমবেত হওয়া এবং এতে যোগসাজশের অভিযোগে এই মানবাধিকারকর্মীকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পূর্বের সাজা ও সাময়িক মুক্তি
সর্বশেষ গ্রেপ্তার হওয়ার আগে নার্গিস ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণামূলক কার্যকলাপ’ ও ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে যোগসাজশের’ অভিযোগে করা মামলায় ১৩ বছর ৯ মাসের সাজা ভোগ করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তাঁকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়।



