দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান জেনারেল রাফি। ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার বিবরণ
দখলদার ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন মেজর জেনারেল মিলো। তিনি কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে মাঠপর্যায়ের সফরে ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, মিলো ও তার এক সহকারী গাড়ি থেকে নামার কিছুক্ষণ পর একটি বিস্ফোরকবাহী ফার্স্ট-পারসন-ভিউ ড্রোন তাদের গাড়িতে আঘাত হানে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তারা অক্ষত থাকেন।
হিজবুল্লাহর কৌশল
ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ সংবাদটি প্রকাশের অনুমতি দেওয়ার পর ঘটনাটি সামনে আসে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাতে চাচ্ছে। গত সপ্তাহে কান জানিয়েছিল, হিজবুল্লাহ জ্যেষ্ঠ ইসরাইলি সামরিক কর্মকর্তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের লক্ষ্য ড্রোন, অন্যান্য মানববিহীন আকাশযান (ইউএভি) এবং সমন্বিত হামলার মাধ্যমে ইসরাইলের কমান্ড, নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা। জেনারেল রাফির ওপর হামলা সেই কৌশলের অংশ হতে পারে।
এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান সংকটের নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর এই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।



