সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। দেশের প্রচলিত নিয়মের এক দিন আগে এখানে ঈদ পালন করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে জামাতে অংশগ্রহণ

সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহিহ হাদিস সম্প্রদায়ের শিশুসহ অন্তত ২১ জন মুসল্লি এই বিশেষ জামাতে অংশ নেন। উক্ত ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

১৬ বছর ধরে এই রীতি

নামাজে অংশ নেওয়া সদর উপজেলার রওশনবাগ এলাকার হারুন মিয়া, আব্দুল রাজ্জাক ও শাহিন মিয়া জানান, তারা দীর্ঘ ১৬ বছর ধরে এভাবেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের বাসিন্দা ইউনুস সরকার জানান, তাদের গ্রামের ৫-৬টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নিয়মিতভাবে আগাম ঈদ উদযাপন করে থাকে। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে দুটি পশু কোরবানি করার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ