ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অভিযানের সমাপ্তি ঘোষণা
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘অপারেশন এপিক ফিউরি সমাপ্ত। আমরা এই অভিযানের লক্ষ্য অর্জন করেছি।’ একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধের আক্রমণাত্মক পর্যায় এখন শেষ।
সমঝোতার পথ খুঁজছেন ট্রাম্প
রুবিও বলেন, ‘এখন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান, যার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় চালু করার বিষয়ে একটি সমঝোতা স্মারক অন্তর্ভুক্ত থাকবে।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট আলোচনার এই পথটিই পছন্দ করেছেন। তবে এখন পর্যন্ত ইরান সেই পথ বেছে নেয়নি।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত, তবে ইরানকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।



