ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে মার্কিন লক্ষ্য ব্যর্থ, গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে মার্কিন লক্ষ্য ব্যর্থ

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে মার্কিন লক্ষ্য ব্যর্থ, গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় বিমান হামলার পরও ইরান মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র বাঙ্কার ও সাইলোগুলো কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় সচল করে ফেলছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে যে, ধ্বংসস্তূপ সরিয়ে এই ভূগর্ভস্থ স্থাপনাগুলো ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে তেহরান অভাবনীয় গতি দেখাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা কতটা অর্জিত হয়েছে সে বিষয়ে খোদ মার্কিন গোয়েন্দাদের মধ্যেই সন্দেহ দেখা দিয়েছে।

নকল লঞ্চার ও দ্রুত পুনরুদ্ধার

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বিপুল পরিমাণ নকল লঞ্চার মোতায়েন করে রাখায় যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে পারছে না আসলে কতগুলো প্রকৃত লঞ্চার ধ্বংস হয়েছে। অনেক ক্ষেত্রে ভূগর্ভস্থ বাঙ্কার বা সাইলো বাইরে থেকে ক্ষতিগ্রস্ত মনে হলেও ধ্বংসস্তূপের নিচ থেকে দ্রুত লঞ্চারগুলো উদ্ধার করে পুনরায় হামলা চালানো হচ্ছে। একজন জ্যেষ্ঠ পশ্চিমা কর্মকর্তার মতে, ইরান বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫০ থেকে ১০০টি আত্মঘাতী ড্রোন ছুড়ছে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা

মার্কিন কর্মকর্তাদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত হলে বা শেষ হওয়ার পরেও যাতে আঞ্চলিক হুমকি বজায় রাখা যায়, সেজন্য ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের বেশি সময় ধরে চলা হামলার পরও ইরানের অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হোয়াইট হাউস ও পেন্টাগনের প্রতিক্রিয়া

গোয়েন্দা প্রতিবেদনের এই হতাশাজনক চিত্রের বিপরীতে হোয়াইট হাউস ও পেন্টাগন বেশ আশাবাদী বক্তব্য দিচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি দাবি করেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় ৯০ শতাংশ কমে গেছে। তাদের নৌবাহিনী পুরোপুরি নিশ্চিহ্ন এবং দুই-তৃতীয়াংশ উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল গোয়েন্দা প্রতিবেদনের তথ্যকে ‘সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানকে নিরস্ত্রীকরণের লক্ষ্যমাত্রা সময়ের আগেই অর্জিত হতে যাচ্ছে।

ইসরায়েলের দাবি ও বাস্তবতা

গত মার্চ মাসে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানের ৪৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ধ্বংস বা অকেজো করতে সক্ষম হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েল লক্ষ্য করে পাঁচ শতাধিক বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্রগুলোর ৯২ শতাংশই তারা আকাশে ধ্বংস করতে পেরেছে।

ক্ষয়ক্ষতি ও চ্যালেঞ্জ

তবে এর মধ্যেও অন্তত ১২টি শক্তিশালী প্রচলিত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জনবহুল এলাকায় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এ ছাড়া ৩০টির বেশি ঘটনায় ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র জনপদে আঘাত হেনেছে, যার ফলে অন্তত ২০০টি আলাদা স্থানে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিয়ে দেশটির বর্তমান সরকারকে উৎখাত করার মতো পরিস্থিতি তৈরি করা, যা এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে।