ওমানে বন্যায় আটকা দুই ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক শাহজাদ খান
ওমানে বন্যায় দুই ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক

ওমানে বন্যায় আটকা দুই ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক শাহজাদ খান

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপচে পড়া বন্যার পানি পাহাড়ি নালা বা ওয়াদিতে আবাসিক ও নিচু এলাকায় ঢুকে পড়ায় বহু মানুষ আটকা পড়েন। তবে এই ভয়াবহ দুর্যোগের মাঝেও সাধারণ মানুষের অসাধারণ সাহস ও মানবিকতার গল্প সামনে এসেছে।

শাহজাদ খানের সাহসী উদ্ধার অভিযান

২৫ বছর বয়সী পাকিস্তানি যুবক শাহজাদ খানের উদ্ধার অভিযান ব্যাপকভাবে আলোচিত হয়েছে। পাকিস্তানের পেশোয়ার নিবাসী এই শ্রমজীবী ব্যক্তি বর্তমানে ওমানের মাসকটের বারকায় কর্মরত। রোববার বিকাল ৪টার দিকে বারকায় একটি ওয়াদি ভারী বৃষ্টিতে উপচে পড়ে। সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিলেন এবং অনেকে ফুলে ওঠা ওয়াদির ভিডিও ধারণ করছিলেন।

শাহজাদ খান বলেন, 'হঠাৎ দেখি একটি গাড়ি পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটি আটকে যায়। সবাই দেখছিল এবং ভিডিও করছিল, কিন্তু আমি গাড়ির ভেতরে যাত্রীদের সাহায্যের জন্য কাঁদতে দেখছিলাম।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে যান

কোনো দ্বিধা না করে শাহজাদ খান (ভিডিওতে লাল কুর্তা পরা) পানিতে অর্ধডুবন্ত গাড়িটির ওপর লাফিয়ে ওঠেন। প্রথমে পা দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন। পরে পাথর ব্যবহার করে কাঁচ ভেঙে ফেলেন। তিনি বলেন, 'আমি কিছুই ভাবিনি—না জাতীয়তা, না ধর্ম। আমি শুধু দেখেছি মানুষ বিপদে আছে। একজন তখন প্রায় ডুবে যাচ্ছিল এবং আরেকজন লড়াই করছিল। গাড়ির অর্ধেকের বেশি অংশ পানিতে ভরে গিয়েছিল।'

একপর্যায়ে তিনি গাড়ির ভেতরে থাকা দুই ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। এর ফলে একটি সম্ভাব্য মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। শাহজাদ খান বলেন, 'আল্লাহ আমাকে দায়িত্ব ও সাহস দিয়েছেন। এটা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত—আমি শুধু কাজটি করেছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যম ও প্রশংসা

খানের এই সাহসিকতা ব্যাপক প্রশংসিত হয়েছে, বিশেষ করে যখন অনেক দর্শক শুধু দেখেই যাচ্ছিলেন। পাকিস্তান সোশ্যাল ক্লাবের সমাজকল্যাণ পরিচালক শানদার বুখারি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খানের এই বীরত্বের বিষয়টি সামনে আসে। তিনি বলেন, 'আমরা ঘটনাটি যাচাই করেছি এবং তার সঙ্গে যোগাযোগ করেছি। তার এ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। পরিস্থিতি স্বাভাবিক হলে দূতাবাস ও কমিউনিটির পক্ষ থেকে তাকে সম্মানিত করা হবে।'

ওমানে বন্যা পরিস্থিতির কারণে বহু মানুষ আটকা পড়লেও শাহজাদ খানের মতো ব্যক্তিদের উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার উদ্ধার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।