২০২৬ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধ: বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ড ভাঙার লড়াই
২০২৬ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধ: বৈশ্বিক অর্থনীতির সংকট

২০২৬ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধ: মানব সভ্যতার কালো অধ্যায়

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি মানব ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যখন দীর্ঘ চার দশকের পুঞ্জীভূত উত্তেজনা এক মহাবিস্ফোরণে রূপ নিলো। ২৮ ফেব্রুয়ারির ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা কেবল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করেনি, বরং মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগিরিতে পরিণত করেছে। এই সংঘাত কোনও আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল এক অনিবার্য ভূ-রাজনৈতিক সংঘর্ষের চূড়ান্ত পরিণতি।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্তিত্ব সংকট

এই যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ওয়াশিংটনের রিপাবলিকান প্রশাসনের জন্য এক রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যে সীমিত অংশগ্রহণের নীতি মেনে চললেও, ২০২৬-এর এই যুদ্ধ সেই কৌশলকে সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে। মার্কিন প্রশাসনের জন্য আসল পরীক্ষা কেবল যুদ্ধে জয় নয়, বরং অভ্যন্তরীণ জনমত ও বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখা। তেলের দাম আকাশচুম্বী হওয়ায় যুদ্ধের শুরুতে জাতীয়তাবাদের উন্মাদনা এখন ক্ষোভে পরিণত হচ্ছে। মার্কিন নাগরিকদের কাছে বড় প্রশ্ন— হাজার মাইল দূরের লড়াইয়ের জন্য কেন তাদের অর্থনৈতিক মূল্য দিতে হবে? হোয়াইট হাউসের জন্য এটি এক কঠিন দোটানা, একদিকে ইসরায়েলকে রক্ষার নৈতিক দায়, অন্যদিকে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি সামাল দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ড ভাঙন

এই সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর অপ্রতিসম চরিত্র। এটি কেবল সেনাবাহিনীতে সীমাবদ্ধ নেই; বরং সাইবার হামলা, ড্রোন যুদ্ধ ও জ্বালানি জিম্মি করার মাধ্যমে প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেছে। হরমুজ প্রণালি বন্ধ করে ইরান বিশ্ব অর্থনীতির নাভিশ্বাস তুলে দিয়েছে। তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার স্পর্শ করলে, ওয়াশিংটন বা তেহরানের চেয়ে বেশি আর্তনাদ শোনা গেছে ঢাকা, কলম্বো বা কায়রোর মতো শহরগুলোতে। বাংলাদেশের জন্য এই যুদ্ধ এক অস্তিত্ব রক্ষার সংকট হয়ে দাঁড়িয়েছে। ভৌগোলিকভাবে দূরে থাকলেও অর্থনৈতিকভাবে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত। কাতার ও সৌদি আরব থেকে আসা এলএনজি হরমুজ প্রণালিতে আটকা পড়লে, বাংলাদেশের শিল্পাঞ্চলগুলো স্থবির হয়ে পড়তে শুরু করে। আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য এই যুদ্ধ এক রূঢ় বাস্তবতা নিয়ে এসেছে। লোডশেডিং কেবল অসুবিধা নয়, এটি উৎপাদনশীলতা ও রফতানি সক্ষমতার ওপর মারণাঘাত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ভঙ্গুরতা

এই যুদ্ধের ভয়াবহতা এখন সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। এক সময়ের জ্বালানি ভাণ্ডার আজ এক বিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো স্থিতিশীল রাজতন্ত্রগুলো এখন অস্তিত্ব সংকটে। ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলো সৌদি তেলের খনি ও দুবাইয়ের মতো বাণিজ্যিক কেন্দ্রগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে, যা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে ভেঙে পড়ার মুখে ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল। কাতার বা কুয়েতের মতো দেশগুলো চাইলেও তাদের জ্বালানি বাজারে পাঠাতে পারছে না। এই অস্থিরতা প্রমাণ করে আধুনিক বিশ্বের নিরাপত্তা কতটা ভঙ্গুর এবং একটি অঞ্চলের সংঘাত কীভাবে পুরো পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করতে পারে।

ভবিষ্যতের সম্ভাব্য মেরুকরণ

এই যুদ্ধের ভবিষ্যৎ বিশ্লেষণ করতে গেলে তিনটি সম্ভাব্য মেরুকরণের দিকে তাকাতে হয়। প্রথমত, একটি দীর্ঘস্থায়ী ও ক্ষয়িষ্ণু যুদ্ধ। ইরান যদি তার প্রক্সি নেটওয়ার্ককে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেয়, তবে এই যুদ্ধের কোনও নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকবে না। লেবানন থেকে ইয়েমেন এবং ইরাক থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত এই রণক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রযুক্তিতে এগিয়ে থাকলেও, গেরিলা যোদ্ধাদের দমন করা অসম্ভব হবে। দ্বিতীয় সম্ভাবনা হলো একটি বিপর্যয়কর সমঝোতা। যখন মার্কিন প্রশাসন দেখবে তাদের অভ্যন্তরীণ অর্থনীতি তেলের উচ্চমূল্যে ধসে পড়ছে এবং ইরান তাদের শাসনব্যবস্থা টিকিয়ে রাখার শেষ প্রান্তে পৌঁছেছে, তখনই আলোচনার টেবিল গুরুত্ব পাবে। তবে এই চুক্তির শর্ত অত্যন্ত রূঢ় হবে, যা কোনও পক্ষকেই পূর্ণ তৃপ্তি দেবে না।

বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ

ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায়, ২০২৬-এর এই সংঘাতের ফলে রাশিয়া ও চীন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বলয় আরও মজবুত করার সুযোগ পাবে। ওয়াশিংটন যখন সামরিকভাবে আটকা পড়বে, তখন বেইজিং তার অর্থনৈতিক ও কূটনৈতিক জাল বিস্তার করে এই অঞ্চলের নতুন অভিভাবক হিসেবে আবির্ভূত হতে পারে। এটি বিশ্ব রাজনীতিতে মার্কিন একাধিপত্যের সূর্যাস্ত এবং একটি বহুমুখী বিশ্বের চূড়ান্ত উদ্বোধন ঘটাবে। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিগুলোর জন্য এই যুদ্ধের ভবিষ্যৎ অত্যন্ত ধূসর। জিডিপি প্রবৃদ্ধি ও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা এখন সম্পূর্ণ অনিশ্চিত। পরিশেষে, ২০২৬-এর এই মহাযুদ্ধের কোনও সহজ পরিসমাপ্তি নেই। এই প্রলয় যদি আজ থামেও, তার ক্ষতচিহ্ন ও বৈশ্বিক অর্থনীতির ভাঙন মেরামতে প্রজন্ম থেকে প্রজন্মান্তর সময় লাগবে। মার্কিন প্রশাসনের জন্য এটি কেবল একটি যুদ্ধ নয়, বরং বিশ্বমঞ্চে তাদের টিকে থাকার এক চূড়ান্ত অগ্নিপরীক্ষা।

লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর